গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসের ভোটিং প্যানেলে ৫ বাংলাদেশি

আমেরিকার মর্যাদাপূর্ণ গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসের আন্তর্জাতিক ভোটার নির্বাচিত হয়েছেন বাংলাদেশের ৫ সাংবাদিক-সমালোচক-কনটেন্ট অফিসার। তারা হলেন—জনি হক, সাদিয়া খালিদ ঋতি, আদর রহমান, মনজুরুল আলম ও পার্থ সঞ্জয়।

এর মধ্যে প্রথম চারজন গতবারের ভোটিং প্যানেলে ছিলেন। পার্থ সঞ্জয় প্রথম টেলিভিশন সাংবাদিক হিসেবে আসন্ন ৮৩তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসের ভোটার হিসেবে মনোনীত হলেন।

২০২৬ সালের ১১ জানুয়ারি ক্যালিফোর্নিয়ার বেভারলি হিলটন হোটেলে অনুষ্ঠিত হবে এই পুরস্কারের আসর, যেখানে ভোটিং প্যানেলের অংশ হবেন তাঁরা।

শুক্রবার (১ আগস্ট) গোল্ডেন গ্লোবের অফিসিয়াল ওয়েবসাইটে বিভিন্ন দেশের ৩৮৯ জন ভোটারের নাম ও সংক্ষিপ্ত পরিচিতি প্রকাশ করা হয়।

দেশের ৫ সদস্যের মধ্যে জনি হক ৩ দশকের বেশি সময় ধরে বিনোদন সাংবাদিকতায় যুক্ত। সাংবাদিক হিসেবে কাজ করছেন সাদিয়া খালিদ ঋতি, মনজুরুল আলম ও পার্থ সঞ্জয়। এর মধ্যে ঋতি চলচ্চিত্র সমালোচক হিসেবে আন্তর্জাতিকভাবে সমাদৃত। আদর রহমান কনটেন্ট অফিসার হিসেবে দেশীয় একটি প্রতিষ্ঠানে কর্মরত।

এই বছর আবারও দায়িত্ব পেয়ে উচ্ছ্বসিত জনি হক বলেন, ‘বিশ্বের বিভিন্ন দেশের অসাধারণ চলচ্চিত্র ও টেলিভিশন কনটেন্ট দেখে মতামত দেওয়ার সুযোগ পাওয়া আমার কাছে বড় গর্বের বিষয়। আমার ভোটেই নির্বাচিত হবেন গোল্ডেন গ্লোবসের মনোনীত ও বিজয়ীরা। বাংলাদেশকে প্রতিনিধিত্ব করা, সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করাই লক্ষ্য।’