হানিয়া আমিরের পর এবার পাকিস্তানের জনপ্রিয় তারকা আহাদ রাজা মীর আসছেন বাংলাদেশে। বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেতা নিজেই। বুধবার নিজের ইনস্টাগ্রাম পোস্টে তিনি লিখেছেন, ‘হে বাংলাদেশ! খুশ শিগগিরই দেখা হচ্ছে।’
এই সংক্ষিপ্ত বার্তাই যথেষ্ট ছিল অনুরাগীদের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে দিতে। যদিও কবে এবং কোথায় দেখা যাবে এই তারকাকে, তা এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।
আহাদ রাজা মীরের অভিনয়জীবন শুরু হয় ২০১০ সালে হাম টিভির ধারাবাহিক ‘খামোশিয়ান’-এ ছোট একটি চরিত্রের মাধ্যমে। এরপর কানাডার ক্যালগারি ইউনিভার্সিটিতে পড়াশোনার পাশাপাশি তিনি মঞ্চনাটকে অভিনয়, নির্দেশনা ও লেখালেখি শুরু করেন।
তবে মীরের জনপ্রিয়তার আসল মোড় আসে ২০১৭ সালে, ‘ইয়াকিন কা সফর’ নাটকের মাধ্যমে। এই রোমান্টিক ড্রামার জন্য তিনি সেরা অভিনেতা হিসেবে লাক্স স্টাইল অ্যাওয়ার্ড অর্জন করেন। পরবর্তী সময়ে ‘হাম তুম’, ‘এহদ-ই-ওয়াফা’, ‘মীম সে মহব্বত’ এবং নেটফ্লিক্সের ‘রেসিডেন্ট ইভিল’ সিরিজে তার অভিনয় তাকে দেশ-বিদেশের দর্শকদের কাছে আরও জনপ্রিয় করে তোলে।
টেলিভিশন ও ওয়েবের পাশাপাশি আহাদ রাজা মীর আন্তর্জাতিক প্রযোজনাতেও কাজ করেছেন। বিবিসির ‘ওয়ার্ল্ড অন ফায়ার’ মিনি-সিরিজে তার অভিনয় প্রশংসিত হয়। শিগগিরই তাকে দেখা যাবে পাকিস্তানের প্রথম নেটফ্লিক্স অরিজিনাল সিরিজ ‘জো বাচায়ে হ্যাঁয় সং সামেট লো’-তেও।
ব্যক্তিগত জীবনে, ২০২০ সালে তিনি অভিনেত্রী সজল আলীকে বিয়ে করেন, যদিও দুই বছর পর ২০২২ সালে তাদের বিচ্ছেদ ঘটে।