ইরানি নির্মাতা তাঘভাই মারা গেছেন

প্রখ্যাত ইরানি নির্মাতা-চিত্রনাট্যকার নাসের তাঘভাই মারা গেছেন। রাষ্ট্রীয় সেন্সরশিপের বিরুদ্ধে আজীবন সংগ্রামী ছিলেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর।

মঙ্গলবার (১৪ অক্টোবর) এক ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে নির্মাতার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তাঁর স্ত্রী মারজিয়া বাফামের।

তিনি বলেন, ‌‘নাসের তাঘভাই, একজন শিল্পী যিনি স্বাধীনভাবে জীবনযাপনের জন্য কষ্টকে বেছে নিয়েছিলেন, অবশেষে তিনি মুক্তি অর্জন করলেন।’

১৯৪১ সালের ১৩ জুলাই ইরানের আবদান শহরে জন্মগ্রহণ করেন নাসের তাঘভাই। ১৯৭২ সালে মুক্তিপ্রাপ্ত তাঁর প্রথম চলচ্চিত্র ‘ট্রানক্যুইলিটি ইন দ্য প্রেজেন্স অব আদারস’ তাঁকে বিশেষ খ্যাতি এনে দেয়। যেখানে তিনি ইরানের ঐতিহ্য ও আধুনিকতার সংঘাতকে ফুটিয়ে তোলেন। 

১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের আগে ও পরে সেন্সরশিপ প্রথার বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে তিনি সর্বমহলে পরিচিত হয়ে ওঠেন।

২০১৩ সালে ইরানে সিনেমা ও সাহিত্যকর্মের ওপর আরোপিত ‘সেন্সরশিপ’-এর তীব্র নিন্দা জানান নাসের। পাশাপাশি রাষ্ট্রীয় নিয়ন্ত্রণের কারণে তিনি আর সিনেমা নির্মাণ করবেন না বলেও ঘোষণা দেন।

এই নির্মাতার জনপ্রিয় কাজের মধ্যে অন্যতম টিভি সিরিজ ‘মাই আংকেল নেপোলিয়ন’, যেখানে এক প্রাক্তন সামরিক কর্মকর্তার পতনকে তীক্ষ্ম রসবোধের মাধ্যমে তুলে ধরা হয়। দীর্ঘ ক্যারিয়ারে তিনি ৬টি চলচ্চিত্র, ১টি টিভি সিরিজ এবং বেশ কয়েকটি তথ্যচিত্র নির্মাণ করেন।

তাঘভাই অসংখ্য জাতীয় ও আন্তর্জাতিক চলচ্চিত্র পুরষ্কার পেয়েছেন, যার মধ্যে ১৯৮৮ সালে তিনি ‘ক্যাপ্টেন খোরশিদ’ চলচ্চিত্রের জন্য লোকার্নো চলচ্চিত্র উৎসবে ব্রোঞ্জ লিওপার্ড পুরস্কার জয় করেন।

২০০২ সালে ইরান সরকার পরিচালিত ফজর চলচ্চিত্র উৎসবে তাঁকে ‘বিশেষ জুরি পুরস্কার’ দেওয়া হয়েছিল, কিন্তু তিনি তা গ্রহণে অস্বীকৃতি জানান।