৭৪তম মিস ইউনিভার্স প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন তানজিয়া জামান মিথিলা। প্রথমবারের মতো কোনো বাংলাদেশির ‘মিস ইউনিভার্স’-এ ইতিহাস গড়ার সম্ভাবনা নিয়েও চলছে জোর আলোচনা।
এবারের ‘পিপলস চয়েস’ ভোটিংয়ে মিথিলা সেরা পাঁচে উঠেছেন। মিস ইউনিভার্স অফিসিয়াল পেজ জানিয়েছে, মিথিলা র্যাংকিংয়ে ২ নম্বরে অবস্থান করছেন। ২৩ হাজার ভোট পেলেই পেছনে ফেলবেন ফিলিপােইনের আহিশা মানালোকে তিনি এখন ১ নম্বরে অবস্থান করছেন।
মিথিলার ফেসবুক পেজে গতকাল রাত সোয়া ৭টার দিকে একটি পোস্টে লেখা ছিল, ‘বাংলাদেশের ১০ লক্ষ মানুষ যদি প্রতিদিন ১০টা ভোট দেয়, ৭ দিনে কয়েক কোটি ভোট সম্ভব। ১০টা ভোট দিতে সময় লাগে মাত্র ১০–১২ মিনিট। ১৮–১৯ কোটি মানুষের দেশে শুধু ভোটের অভাবে যদি বাংলাদেশের প্রতিনিধি হেরে যায়, এটা কি মেনে নেওয়া যায়?’
সামাজিক যোগাযোগ মাধ্যমে তার জন্য প্রচারণা তুঙ্গে। জয়া আহসান, রুনা খান, শবনম বুবলী, মুমতাহিনা টয়া, জান্নাতুল ফেরদৌস ঐশী, জান্নাতুল পিয়া, সামিরা খান মাহি, শবনম ফারিয়া, সালমান মুক্তাদিরসহ অনেক অভিনেতা ও মডেল ভোট চাইতে পোস্ট দিয়েছেন।
ভোট দেওয়ার জন্য মিস ইউনিভার্স অ্যাপ-এ বাংলাদেশ সিলেক্ট করে ‘গেট ভোট’ এবং তারপর ‘পিপলস চয়েস’ সেকশনে মিথিলাকে নির্বাচন করতে হবে। বিজ্ঞাপন দেখার মাধ্যমে আরও অতিরিক্ত ভোট দেওয়া যাবে।
উল্লেখ্য, মিথিলা চলতি বছরের সেপ্টেম্বরেই ‘ফ্লোরাব্যাংক মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৫’ খেতাব জিতেছেন। তিনি শুধু মডেল ও অভিনেত্রী নন, বরং বাল্যবিবাহ বিরোধী প্রচারণা এবং সুবিধাবঞ্চিত শিশুদের কল্যাণে কাজের জন্যও পরিচিত। ২০২০ সালে একই খেতাব অর্জন করলেও করোনার কারণে আন্তর্জাতিক পর্বে অংশ নিতে পারেননি। ২০২৫ সালে তিনি পুনরায় এই সাফল্য অর্জন করে ইতিহাস গড়েছেন।