মিস ইউনিভার্সে কারচুপির অভিযোগ, পদত্যাগ করলেন বিচারক

থাইল্যান্ডে চলছে ‘মিস ইউনিভার্স’-এর ৭৪তম আসর। শুরু থেকেই বিতর্ক ঘিরে রেখেছে এ আয়োজনকে। বিচার প্রক্রিয়ায় স্বচ্ছতার অভাব ও কারচুপির অভিযোগে আন্তর্জাতিক অঙ্গনে সৃষ্টি হয়েছে তোলপাড়। এর জেরে অফিসিয়াল জুরি প্যানেল থেকে ইতিমধ্যে পদত্যাগ করেছেন দু’জন বিচারক।

আগামী ২১ নভেম্বর ঘোষণা করা হবে নতুন বিশ্বসুন্দরীর নাম। ঠিক এমন সময় অফিসিয়াল বিচারক লেবানিজ–ফরাসি সংগীতশিল্পী ওমর হারফুশ ইনস্টাগ্রামে জানান, তিনি দায়িত্ব পালন থেকে সরে দাঁড়াচ্ছেন। তাঁর দাবি, একটি গোপন বিচারক দল আগেই শীর্ষ ৩০ জন ফাইনালিস্ট ঠিক করে ফেলেছে, যেখানে কোনও অফিসিয়াল জুরি অংশ নেননি। ওই গোপন প্যানেলে এমন ব্যক্তিরাও আছেন, যাদের প্রতিযোগীদের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক বা স্বার্থের সংঘাত রয়েছে বলে অভিযোগ করেন তিনি।

হারফুশের অভিযোগের কিছু সময় পরই আরেক বিচারক ফরাসি ফুটবল ম্যানেজার ক্লোদ মাকেলেলে, ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন।

এর আগে প্রি-ইভেন্টে আরেক বিতর্কে পড়ে আয়োজনটি। এক থাই কর্মকর্তা মিস মেক্সিকো ফাতিমা বশকে প্রকাশ্যে অপমান করলে বহু প্রতিযোগী প্রতিবাদস্বরূপ অনুষ্ঠানস্থল ত্যাগ করেন। সেই ভিডিও ভাইরাল হওয়ার পর সমালোচনার ঝড় ওঠে বিশ্বব্যাপী।

সব মিলিয়ে এবারের মিস ইউনিভার্সকে ঘিরে নতুন করে প্রশ্ন দেখা দিয়েছে আয়োজনের স্বচ্ছতা ও পেশাদারিত্ব নিয়ে।

এদিকে, বিতর্কের মধ্যেও বাংলাদেশের প্রতিনিধি তানজিয়া জামান মিথিলা দারুণভাবে নজর কাড়ছেন আন্তর্জাতিক মঞ্চে। ‘পিপলস চয়েস’ ভোটে তিনি এগিয়ে আছেন শীর্ষস্থানের খুব কাছাকাছি। বাংলাদেশের পক্ষ থেকে ইতিমধ্যে রেকর্ড ১৫ লাখ ৫০ হাজার ভোট পড়েছে। ভোট দেওয়া যাবে বুধবার (১৯ নভেম্বর) রাত ১০টা ৫৯ মিনিট পর্যন্ত।