ধানুশ-ম্রুণালের সম্পর্কে ইতি?

দক্ষিণী সুপারস্টার ধানুশ ও অভিনেত্রী ম্রুণাল ঠাকুরের সম্পর্ক নিয়ে কয়েক মাস ধরেই নানা জল্পনা-কল্পনা চলছে। যদিও দুজনের কেউই কখনও মুখ ফুটে প্রেমের কথা স্বীকার করেননি। তবে বিভিন্ন অনুষ্ঠান ও সামাজিকমাধ্যম সূত্র ধরে তাঁদের ঘিরে গুঞ্জন থামেনি। এবার শোনা যাচ্ছে, সেই কথিত সম্পর্কেও নাকি ইতি টেনেছেন এই দুই তারকা।

একাধিক ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, বেশ কয়েক মাস ধরে একে অপরের সঙ্গে ডেট করার পর নাকি আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ধানুশ ও ম্রুণাল। যদিও বিচ্ছেদের কারণ সম্পর্কে এখনও কিছু প্রকাশ্যে আসেনি।

সম্পর্কের গুঞ্জনে যেমন তাঁরা কখনো মুখ খুলেননি, তেমনি এবার বিচ্ছেদের খবরেও মুখে কুলুপ তাঁদের।

প্রসঙ্গত, ধানুশ ও ম্রুণালকে নিয়ে প্রেমের গুঞ্জনের শুরু ২০২৫ সালে। সবাইকে চমকে দিয়ে অভিনেত্রীর ‘সন অব সর্দার ২’ ছবির প্রিমিয়ারে হাজির হয়েছিলেন ধানুশ। সেই অনুষ্ঠানে তাঁদের কথোপকথনের ভিডিও সামাজিকমাধ্যমে ভাইরাল হতেই জল্পনা শুরু হয়।

তবে শুরু থেকেই এই জল্পনা উড়িয়ে দিয়েছেন ম্রুণাল। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, ধানুশ তাঁর খুব ভালো বন্ধু, এ ছাড়া আর কিছুই নন। এমনকি তিনি এ-ও বলেছিলেন যে, তাঁর ব্যক্তিগত জীবন নয়, দর্শকদের উচিত তাঁর কাজ নিয়ে আলোচনা করা। মজার ছলে আরও জানিয়েছিলেন, প্রেম করার মতো সময়ই তাঁর হাতে নেই!