বিশ্বকাপ ফুটবলে মিশরের বিপক্ষে আর্জেন্টিনার রোমাঞ্চকর জয়ে উচ্ছ্বাসে ভাসছেন শোবিজ তারকারা। আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসির জাদুকরী পারফরম্যান্সে বেশ উন্মাদনায় রয়েছেন অনুরাগীরা।
মঙ্গলবার (৭ জুন) দিবাগত রাতে যুক্তরাষ্ট্রের আটলান্টা স্টেডিয়ামে জিকো-সালাহদের বিপক্ষে মাঠে নেমে ৩-২ গোলে জয় নিশ্চিত করে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেছেন মেসি-আলভারেজরা। টানটান উত্তেজনার সেই ম্যাচ দেখে চিত্রনায়িকা পূর্ণিমা লিখেছেন, ‘আর্জেন্টিনার জন্য কী দুর্দান্ত একটি রাত! যখন সারা বিশ্ব ভেবেছিল সব শেষ, মেসি ও তাঁর যোদ্ধারা দেখিয়ে দিলেন সত্যিকারের চ্যাম্পিয়নদের হৃদস্পন্দন কেমন হয়! সাহস, আবেগ আর বিশ্বাস এক নান্দনিক উপায়ে পুরো খেলার মোড় ঘুরিয়ে দিল। আলহামদুলিল্লাহ।’
পেনাল্টি মিসের পর মেসির দুর্দান্ত প্রত্যাবর্তনে মুগ্ধ অভিনেতা তৌসিফ মাহবুব। তিনি লিখেছেন, ‘এটাই মেসি, এটাই আর্জেন্টিনা।’ অন্য একটি পোস্টে তিনি লেখেন, ‘সর্বকালের সর্বশ্রেষ্ঠ প্রত্যাবর্তন!’
পায়ে চোট নিয়ে সম্প্রতি হাসপাতালে ভর্তি হয়েছিলেন চিত্রনায়িকা পরী মণি। এরইমধ্যে তাঁর পায়ে প্লাস্টার করতে হয়েছে। এ অবস্থায় হুইলচেয়ারে বসা একটি ছবি পোস্ট করে এই নায়িকা লেখেন, ‘হসপিটালে পা ভাঙ্গা রোগীদের ফুটবল খেলা দেখা নিষেধ। আমি কিছু জানি না…।’
তবে মেসি গোল দেওয়ার পর নাকি হাসপাতাল থেকে ছাড়পত্র মিলেছে পরীর, ফিরেছেন বাসায়! রসিকতা করে অন্য একটি পোস্টে তিনি লেখেন, ‘মেসি গোল দেওয়ার পর হসপিটালে আর রাখেনি আমাকে!’
মজা করে পপতারকা মিলা লিখেছেন, ‘এই যে দেখো আমি খেলা দেখতে গেলাম, আর যখনই আর্জেন্টিনাকে ডাকলাম অমনি জিতে গেল আর্জেন্টিনা!’
অভিনেতা চঞ্চল চৌধুরী বলেন, ‘খুব ভয় পাইছিরে! তবে মিশর দুর্দান্ত খেলেছে।’
এদিকে, গ্যালারিতে বসে লিওনেল মেসিদের খেলা সরাসরি উপভোগ করেছেন তারকা দম্পতি এফ এস নাঈম ও নাদিয়া আহমেদ। প্রিয় দল কোয়ার্টার ফাইনালে পৌঁছে যাওয়ায় বেশ উচ্ছ্বসিত তাঁরা।
ম্যাচের প্রথমার্ধে কিছুটা হতাশা ছুঁয়ে গিয়েছিল অভিনেত্রী কেয়া পায়েলকে। আকাশি-সাদা জার্সিতে নিজের একটি ছবি পোস্ট করে তখন তিনি লেখেন, ‘জিতলেও আর্জেন্টিনা, হারলেও আর্জেন্টিনা।’ তবে আলবিসেলেস্তেদের মুখেই ছিল শেষ হাসি! অন্য একটি পোস্টে তিনি বলেন, ‘আমার হার্টবিট ফাস্ট হয়ে গেছে!’ সঙ্গে ছোট্ট একটি ইমোজি জুড়ে দিয়ে লিখেছেন, ‘আর্জেন্টিনা।’
তবে মিশর-আর্জেন্টিনার ম্যাচ শেষে বিতর্কের মুখে পড়েছে রেফারির একাধিক সিদ্ধান্ত। সমালোচনার শিকার হচ্ছে ফিফা। শোবিজ তারকাদের অনেকে সেই বিষয়টিও তুলে ধরেছেন।
নির্মাতা আশফাক নিপুণ লিখেছেন, ‘যদি ডি-বক্সের বাইরে ফাউলের জন্য মিশরের গোলটি ভিএআর-এ যাচাই করা হয়ে থাকে, তাহলে এত আপিলের পরেও ডি-বক্সের ভেতরে মো সালাহর ফাউলটি কেন ভিএআর-এ যাচাই করা হয়নি? (এটা এক আসল প্রশ্ন), এখানে নিয়মটা কী?’
ব্রাজিল ফ্যান অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি লেখেন, ‘আর্জেন্টিনা (বাদ), ফিফান্টিনা (সঠিক)।’
এবারের বিশ্বকাপের বিতর্কিত রেফারিংয়ের বিষয়গুলো তুলে ধরে নির্মাতা ভিকি জাহেদ লেখেন, ‘ভাইয়ারা তোমাদের জন্য খুব মায়া লাগে, খুব কষ্ট হয়! এতোকিছুর পরও তোমরা যে কেন এখনও খেলা দেখো সেটা ভেবে বড়ই তাজ্জব হয়ে যাই! আরেকটা কথা, খেলা দেখার আগে সেই খেলার নিয়ম-কানুন জেনে দেখা ভালো। এতে পাবলিক প্লেসে নিজের অজ্ঞতা প্রকাশিত হয় না!’