আগামী শুক্রবার (১৩ অক্টোবর) সিনেমা হলে আসছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীনির্ভর সিনেমা ‘মুজিব: একটি জাতির রূপকার’। মুক্তি উপলক্ষে প্রচারে সরব অভিনয়শিল্পীরা। এবার তারই অংশ হিসেবে গতকাল প্ল্যাকার্ড হাতে রাস্তায় নামেন জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভ।
এ সময় অভিনেতা বললেন, ‘‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমাটির শুভ মুক্তি ১৩ অক্টোবর। আপনারা সবাই আসবেন স্বপরিবারে। এটি আমাদের দেশের গল্প, আমাদের জাতির জনকের গল্প। অনেক সুন্দর একটি সিনেমা, পরিবারের সবাইকে নিয়ে দেখার মতো।’
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী অবলম্বনে সিনেমাটি নির্মাণ করেছেন খ্যাতিমান বলিউড নির্মাতা শ্যাম বেনেগাল। যৌথ প্রযোজনায় রয়েছে বাংলাদেশ ও ভারত। এরই মধ্যে সিনেমাটির দুটি গান মুক্তি পেয়েছে ইউটিউবে। একটি ‘কী কী জিনিস এনেছো দুলাল’, অন্যটি ‘অচিন মাঝি’।
‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমায় বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ। ফজিলাতুন্নেছা মুজিবের চরিত্রে নুসরাত ইমরোজ তিশা, শেখ হাসিনার চরিত্রে নুসরাত ফারিয়া ও তাজউদ্দীন আহমদের চরিত্রে রিয়াজ আহমেদ। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন দিলারা জামান, চঞ্চল চৌধুরী, সিয়াম আহমেদ, জায়েদ খান, খায়রুল আলম সবুজ, ফেরদৌস আহমেদ, দীঘি, রাইসুল ইসলাম আসাদ, গাজী রাকায়েত, তৌকীর আহমেদ ও মিশা সওদাগরসহ দেশের শতাধিক অভিনয়শিল্পী।
প্রসঙ্গত, সিনেমাটি নির্মিত হয়েছে বাংলাদেশের ৬০ ভাগ ও ভারতের ৪০ ভাগ ব্যয়ে। ২০২১ সালের ২২ জানুয়ারি ভারতের মুম্বাই ফিল্ম সিটিতে শুরু হয়েছিল এর দৃশ্যধারণ, যা একই বছরের ১৮ ডিসেম্বর শেষ হয় বাংলাদেশে।