গত ১৩ অক্টোবর সারা দেশে মুক্তি পেয়েছে ‘মুজিব: একটি জাতির রূপকার’। ছবিটি ঘিরে গত এক মাস ধরে তুমুল ব্যস্ত সময় পার করছেন আরিফিন শুভ। মুক্তির পর দৌড়ে বেড়াচ্ছেন ঢাকার শহরের বিভিন্ন প্রান্ত।
তবে আপাতত এগুলো বন্ধ রাখতে হচ্ছে। কারণ হাসপাতালে ভর্তি হতে হয়েছে ঢালিউডের এই মাসলম্যানকে। ছোট একটা অপারেশন করতে হবে তার শরীরে।
বিষয়টি নিয়ে এই চিত্রনায়ক বলেন, ‘‘বছর খানেক ধরে পলিপ সমস্যায় ভুগছিলাম। গেল কয়েক মাসে সেটা জটিল হয়েছে। স্লিপ অ্যাপনিয়া, শ্বাসকষ্ট, ঘুমের সমস্যায় জীবন কাবু হলেও ‘মুজিব’ ব্যস্ততায় সেভাবে চিকিৎসার সুযোগ হয়ে উঠেনি। পরিস্থিতি এখন এতটাই কঠিন হয়েছে যে, আজ (১৭ অক্টোবর) বিকেলেই একটা মাইনর অপারেশন করাতে হচ্ছে।’’
শুভ জানান, সুস্থ হয়ে আবারও ‘মুজিব’ ছবির প্রচারে নামবেন তিনি।
ভারতের শ্যাম বেনেগাল পরিচালিত 'মুজিব: একটি জাতির রূপকার' সিনেমায় বঙ্গবন্ধুর চরিত্রে আরিফিন শুভ ও সৌম্য, জ্যেষ্ঠ কন্যা শেখ হাসিনার চরিত্রে নুসরাত ফারিয়া ও বঙ্গবন্ধুর স্ত্রী শেখ ফজিলাতুন্নেছার বড়বেলার চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা। এছাড়া রিয়াজ আহমেদ, দিলারা জামান, চঞ্চল চৌধুরী, সিয়াম আহমেদ, জায়েদ খান, খায়রুল আলম সবুজ, ফেরদৌস আহমেদ, দীঘি, রাইসুল ইসলাম আসাদ, গাজী রাকায়েত, তৌকীর আহমেদ ও মিশা সওদাগরসহ দেশের শতাধিক অভিনয়শিল্পী সিনেমাটিতে কাজ করেছেন।