নানা ঘটনার পর নির্বাচনের জন্য চূড়ান্ত হয়েছেন ‘অগ্নি’খ্যাত অভিনেত্রী মাহিয়া মাহি। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন তিনি। তার এই নতুন যাত্রাটা শুরু করলেন গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে।
আজ (১২ ডিসেম্বর) নির্বাচনী কাজ শুরু করলেন এখান থেকেই। বিষয়টি নিশ্চিত করেছেন মাহি নিজেই।
তিনি বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণ এবং মোনাজাত করে আমার নির্বাচনী কার্যক্রম শুরু করলাম। সকলের কাছে আমার জন্য দোয়া চাই, আমি যেন আগামী ৭ জানুয়ারি নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়ে; আমার নির্বাচনী এলাকার জনগণের সেবা করতে পারি।’
এর আগে, গতকাল সোমবার নির্বাচন কমিশনে আপিল করে প্রার্থিতা ফিরে পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী মাহি। ঢাকায় নির্বাচন কমিশনের আপিল শুনানিতে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।