‘পুলসিরাত’র জন্য দোয়া চাইলেন বুবলী

ব্যক্তিগত জীবনের নানা ঘটনায় চলতি বছর প্রায়ই শিরোনামে এসেছেন চিত্রনায়িকা শবনম বুবলী। তবে থেমে নেই তিনি, যুক্ত হচ্ছেন নতুন নতুন সিনেমায়। বর্তমানে কাজ করছেন নির্মাতা জসিম উদ্দিন জাকিরের ‘মায়া দ্য লাভ’ ছবিতে। হাতে রয়েছে আরও বেশ কিছু সিনেমা। এরইমধ্যে নায়িকা দিলেন নতুন খবর। 

‌‘পুলসিরাত’ নামে নতুন একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন বুবলী। আজ শনিবার দুপুরের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেত্রী নিজেই। আনন জামানের কাহিনি-চিত্রনাট্যে ছবিটি নির্মাণ করবেন রাখাল সবুজ। প্রযোজনায় মীর জাহিদ হাসান।

ওই পোস্টে বুবলী বললেন, ‘‘আমার নতুন ছবি ‘পুলসিরাত’। সবাই আমার জন্য দোয়া করবেন।’’

তবে সিনেমাটিতে বুবলীর সঙ্গে কে জুটি বাঁধতে চলেছেন, সেটা এখনও জানা যায়নি। নির্মাতা-প্রযোজকও আপাতত মুখে কুলুপ এঁটেছেন।

এদিকে, বুবলী বর্তমানে ব্যস্ত আছেন ‘মায়া দ্য লাভ’ সিনেমার শুটিংয়ে। এতে তাঁর সঙ্গে জুটি বেঁধেছেন জিয়াউল রোশান। এ ছাড়াও ‘দেয়ালের দেশ’ নামে একটি সিনেমা রয়েছে মুক্তির অপেক্ষায়। হাতে রয়েছে ‘তুমি যেখানে আমি সেখানে’, ‘খেলা হবে’সহ কয়েকটি সিনেমার শুটিং।