মাকে নিয়ে ভোটকেন্দ্রে শাকিব খান

মাকে নিয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিলেন চিত্রনায়ক শাকিব খান। আজ (৭ জানুয়ারি) বেলা পৌনে তিনটার দিকে গুলশান মডেল স্কুল এন্ড কলেজ কেন্দ্রে মাকে নিয়ে উপস্থিত হন এই তারকা। তিনি ও তাঁর পরিবার ঢাকা-১৭ আসনের ভোটার। 

ভোট শেষে উপস্থিত সাংবাদিকদের সঙ্গেও কথা বলেন ঢাকাই চলচ্চিত্রের এই পোস্টার বয়। বলেন, ‘দেশের সচেতন নাগরিক হিসেবে ভোট প্রদান করা আমার একান্ত দায়িত্ব। এ জন্য মাকে নিয়ে ভোট দিতে এসেছি। আমি গতবার নির্বাচনেও আম্মাকে নিয়ে এসেছি, এবারও এসেছি। আমার বাবা সকালবেলা তাঁর বন্ধুদের সঙ্গে এসে ভোট দিয়ে গেছেন।’

প্রসঙ্গত, শাকিবের বাবার নাম আব্দুর রব। মায়ের নাম নূরজাহান। গোপালগঞ্জে জন্মগ্রহণ করলেও বাবার চাকরিসূত্রে এই নায়কের বেড়ে ওঠা নারায়ণগঞ্জে। 

এ ছাড়া দিনটিকে ‘স্পেশাল’ মন্তব্য করে শাকিব বলেন, ‘দিনটি আমাদের জন্য স্পেশাল একটি দিন। বিশেষ করে আমাদের মতো সাধারণ মানুষ যারা আছেন তাদের জন্য দিনটি আরও বিশেষ। কারণ, ভোট দেওয়ার তো আলাদা একটা ক্ষমতা আছে। কারণ ভোট দিয়েই আগামী দিনের নেতা নির্বাচন করতে হয়। সেই ক্ষমতা প্রয়োগের দিন আজ।’

চলচ্চিত্র, নাটক, সংগীত ও মঞ্চের বহু শিল্পী ইতোমধ্যে ভোট প্রদান করেছেন। সোশ্যাল মাধ্যমেই তারা সেই ছবি প্রকাশ করেছেন। এদের মধ্যে গুণী অভিনেত্রী সারা যাকের থেকে জয়া আহসান, নির্মাতা শিহাব শাহীন থেকে অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওন, সোহানা সাবা, জাকিয়া বারী মমরা রয়েছেন।