অপু-ভক্তদের ভালোবাসা দিবস শুরু!

সিনেমাটির দৃশ্যে জয় চৌধুরী ও অপু বিশ্বাস। ছবি: ফেসবুক থেকে নেওয়া

শনিবার (২৭ জানুয়ারি) হঠাৎ করেই সামাজিক মাধ্যমে অপু বিশ্বাস লেখেন, ‌‘হ্যাপি ভ্যালেন্টাইনস ডে’। ভক্তরা এতে খানিকটা অবাক হয়েছেন বটে! তবে একটু খেয়াল করেই বুঝতে পারেন, এটা মূলত নায়িকার নতুন সিনেমা ‌‘ট্র্যাপ—দ্য আনটোল্ড স্টোরি’ মুক্তির আভাস। আজই (শনিবার) প্রকাশ পেতে যাচ্ছে ট্রেলার! আর আসন্ন ভালোবাসা দিবস উপলক্ষে ৯ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে ছবিটি। যে কারণে আগেভাগেই ভক্তদের ভালোবাসা দিবসের শুভেচ্ছা জানিয়ে দিলেন অপু। বলেও দিলেন সন্ধ্যায় ছবিটির টিম নিয়ে থাকছেন ফেসবুক লাইভে।

যেই কথা সেই কাজ! এদিন সন্ধ্যায় পরিচালক দ্বীন ইসলামকে নিয়ে লাইভে আসেন অপু বিশ্বাস ও জয় চৌধুরী। অর্থাৎ ছবিটির নির্মাতাকে নিয়ে হাজির হয়েছেন নায়ক-নায়িকা। ট্র্যাপ—দ্য আনটোল্ড স্টোরি নিয়ে আড্ডায় মেতে ওঠেন তাঁরা। জানিয়ে দেন, ফেব্রুয়ারি এখনও পড়েনি তাতে কী, ভালোবাসা দিবস আজ (শনিবার) থেকেই শুরু!  
        
সিনেমাটির আরেকটি দৃশ্যে জয়-অপু। ছবি: ফেসবুক থেকে নেওয়া

লাইভে আসার কিছুক্ষণ পরই টাইগার মিডিয়ার ইউটিউব চ্যানেলে প্রকাশ পায় ছবিটির ট্রেলার। সেখানে মন্তব্যঘরে প্রশংসায় ভাসেন অপু-জয়। ট্রেলারে এই জুটিকে দেখা যায় বেশ রোমান্টিক আবহে। অন্যদিকে, সাইবার দুনিয়ার ভয়ংকর অপরাধ জগতের ইঙ্গিতও রয়েছে। দেখা মিলেছে অভিনেতা বড়দা মিঠু, ডন ও জয়রাজের। সব মিলিয়ে আঁচ পাওয়া যায়—সিনেমাটির কাহিনি এগিয়েছে রোমান্স, ক্রাইম ও সাইন্স ফিকশন ঘরানায়। গল্প লিখেছেন নূরজাহান বেগম। আবহ সংগীত করেছেন বেলাল হোসাইন চঞ্চল ও এমএ রহমান। প্রযোজনা করেছে ডিএন প্রডাকশন।

এর আগে সিনেমাটি দুর্গপূজায় মুক্তি দেওয়ার পরিকল্পনা ছিল। কিন্তু তা পিছিয়ে যায়। তখন ইনডিপেনডেন্ট ডিজিটালে ছবিটি সম্পর্কে জয় চৌধুরী বলেছিলেন, ‘বাণিজ্যিক ধারার ছবি এটি। সামাজিক বার্তা রয়েছে। সোশ্যাল মিডিয়ার যুগে আমরা নানা ধরনের সমস্যার মুখোমুখি হই—সেসব সমস্যাই এই সিনেমার মূল পটভূমি।’

প্রসঙ্গত, এ সিনেমার মাধ্যমে দ্বিতীয়বার জুটিবদ্ধ হয়েছেন অপু বিশ্বাস ও জয় চৌধুরী। এর আগে তাঁদের দেখা গেছে সোলায়মান আলী লেবু পরিচালিত ‘প্রেম প্রীতির বন্ধন’ ছবিতে। এদিকে, নতুন বছরে ব্যবসা-বাণিজ্য নতুন পরিসরে এগিয়ে নিতে চাইছেন অপু বিশ্বাস। গত ১২ জানুয়ারি রাজধানীর আফতাবনগরে কসমেটিক্স ব্র্যান্ড ‘হারল্যান’-এর শাখা চালু করেছেন তিনি। এ কোম্পানির পরিচালক হিসেবে রয়েছেন তাঁর প্রাক্তন স্বামী সুপারস্টার শাকিব খান। এ ছাড়া বেশ কিছু নতুন সিনেমার কাজও রয়েছে অপুর হাতে।

আরও পড়ুন: