আবারও মার্কিন মুলুকে উড়াল দিলেন চিত্রনায়ক শাকিব খান। ‘রাজকুমার’খ্যাত এ তারকা শুক্রবার (২ ফেব্রুয়ারি) রাত দুইটায় ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন। গতকাল রাতে তিনি নিউইয়র্ক পৌঁছেছেন।
শাকিবের প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মস জানায়, গ্রিনকার্ডধারী এ তারকা ব্যক্তিগত ও সিনেমার কাজে দেশটিতে গেছেন।
এর আগে লন্ডন, সুইজারল্যান্ড, ইতালি, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর ও থাইল্যান্ডে বহুবার শুটিংয়ে গেলেও এই প্রথম যুক্তরাষ্ট্রে শুটিং করবেন শাকিব। শুটিং শেষ করেই দেশে ফেরার কথা রয়েছে তাঁর।
এ যাত্রায় শাকিবের সফরসঙ্গী ‘রাজকুমার’ সিনেমার পরিচালক হিমেল আশরাফ। আসন্ন ঈদুল ফিতরে মুক্তি পাবে ছবিটি। সেই লক্ষ্যে বাকি অংশের শুটিং শেষ করতেই যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছেন সুপারস্টার।
হিমেল জানান, একদিনের বিশ্রাম সেরেই শুটিংয়ে নামবেন অভিনেতা। আমেরিকার বিভিন্ন রাজ্যে তাঁরা দুই সপ্তাহ শুটিং করবেন। যেসব লোকেশনে শুটিং হবে, সেগুলো বাংলাদেশি সিনেমায় আগে কখনও দেখা যায়নি।
সিনেমাটিতে শাকিবের নায়িকা হলিউড অভিনেত্রী কোর্টনি কফি। ‘প্রিয়তমা’র প্রযোজক আরশাদ আদনানের প্রযোজনায় রাজকুমার নির্মিত হচ্ছে। প্রেম, পারিবারিক সম্পর্ক এবং একজন স্বপ্নবান তরুণের বাংলাদেশ থেকে আমেরিকায় যাত্রার গল্পকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে এ ছবি।
ব্লকবাস্টার ‘প্রিয়তমা’ ছবির পরিচালক হিমেল আশরাফ রাজকুমারের গল্প-চিত্রনাট্য লিখেছেন।