অনন্তর বাসায় দাওয়াতে ৭ নায়ক

‘চলচ্চিত্রাঙ্গনে কেউ কারও বন্ধু হয় না’—প্রয়াত চিত্রনায়ক মান্নার বলা এ কথাটি বহুল চর্চিত। তবে এর বিপরীত উদাহরণও আছে। এবার তেমনি নজির সামনে এলো। শনিবার (২৩ মার্চ) রাতে। যেখানে একই আয়োজনে পরিবার নিয়ে হাজির হয়েছেন অনন্ত জলিল, নিরব হোসেন, মামনুন ইমন, জয় চৌধুরী, জিয়াউল রোশান, শিপন মিত্র, সাঞ্জু জন ও আমান রেজা।     

সামাজিক যোগাযোগমাধ্যমে জয় চৌধুরীর একটি রিল নজর কাড়ে ভক্তদের। যেখানে একসঙ্গে একটি অনুষ্ঠানে পরিবার নিয়ে অংশ নেন তাঁরা। মুহূর্তটি সঙ্গে সঙ্গে চলচ্চিত্র-সংশ্লিষ্ট বিভিন্ন ফেসবুক গ্রুপে ছড়িয়ে পড়ে। সেই সূত্র ধরেই জয় চৌধুরীর সঙ্গে আলাপ হয় ইনডিপেনডেন্ট ডিজিটালের। তিনি জানান, নির্মিতব্য ‘অপারেশন জ্যাকপট’ চলচ্চিত্রের শুটিং চলছিল খুলনায়। তার ফাঁকে দুদিনের ছুটি পেয়ে ঢাকায় এসেছেন এই ৮ নায়ক। তারপরই গেট টুগেদারের পরিকল্পনা। এমনকি নতুন একটি গ্রুপও গঠন করেছেন তাঁরা, যেখান থেকে নেওয়া হবে বিভিন্ন সামাজিক উদ্যোগ।    

জয় চৌধুরী বললেন, ‘১৩ মার্চ থেকে খুলনায় অপারেশন জ্যাকপটের শুটিং চলছে। সেখানে দুদিনের ব্রেক পেয়ে আমরা ক’জন ঢাকায় এসেছি। পরে চিন্তা করলাম আমরা যে ৮ জন রয়েছি, তারা মিলে ইফতার কিংবা একটা গেট টুগেদারের আয়োজন করি। অনন্ত ভাইয়ের বাসাতেই এই প্ল্যান হলো। তিনি প্রস্তাব রাখলেন তার বাসাতেই আয়োজনটি করতে। তখন আমরা ফ্যামিলি নিয়ে সেখানে জয়েন করি।’

পরিবারের সঙ্গে ৮ নায়ক। ছবি: জয় চৌধুরীর সৌজন্যে

যোগ করে তিনি বলেন, ‌‘‘মুহূর্তটা খুব সুন্দর কেটেছে। আসলে গোটা ইন্ডাস্ট্রিতে বন্ধু বলতে কেউ নেই কিংবা ইন্ডাস্ট্রির কেউ আপন নয়—এ ক্ষেত্রে আমরা একটা জিনিস দেখাতে চাই, উদ্যোগটি মূলত অনন্ত ভাইয়েরই। আমরা বলব—হিরোরা চাইলে একসঙ্গে থাকতে পারে, একসঙ্গে কাজ করতে পারে। আমাদের এই বন্ডিং অবশ্য ‘অপারেশন জ্যাকপট’ থেকেই তৈরি হয়েছে। এর আগেও বন্ডিং ‍ছিল, কিন্তু এতটা শক্তিশালী ছিল না।’’

তারকাদের এই পারিবারিক মিলনমেলায় ঘোষণা এসেছে নতুন একটি গ্রুপেরও। যেখান থেকে ভবিষ্যতে বিভিন্ন সামাজিক উদ্যোগ নিতে দেখা যাবে তাঁদের। গ্রুপটির নাম রাখা হয়েছে ‘হিরোজ’। শিগগিরই আসবে এই বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা।

প্রসঙ্গত, হিরোজের এই ৮ সদস্যকে মুখ্য চরিত্রে দেখা যাবে অপারেশন জ্যাকপট চলচ্চিত্রে। একাত্তরের মুক্তিযুদ্ধের অপারেশন জ্যাকপটের প্রেক্ষাপটে নির্মিত হচ্ছে এটি। যৌথভাবে পরিচালনা করছেন দেলোয়ার জাহান ঝন্টু ও ভারতীয় নির্মাতা রাজীব কুমার বিশ্বাস। এতে আরও অভিনয় করছেন মিশা সওদাগর, আহমেদ শরীফ, ইলিয়াস কাঞ্চন, ডন, ড্যানি সিডাকসহ অনেকে।