স্মৃতিতে হ‍ুমায়ুন ফরীদি, প্রচ্ছদশিল্পী আফজাল হোসেন

দেশের অভিনয় জগতের দুই উজ্জ্বল নক্ষত্র হ‍ুমায়ুন ফরীদি ও আফজাল হোসেন। তাঁরা দুজনের গভীর বন্ধুত্বের কথাও অনেকের জানা। থিয়েটার করতে গিয়ে পরিচয়। দুজনেই ছিলেন ঢাকা থিয়েটারে। ২০১২ সালের ১৩ ফেব্রুয়ারি মৃত্যুবরণ করেন ফরীদি। বিভিন্ন সাক্ষাৎকারে বন্ধুকে নিয়ে স্মৃতিচারণা করেছেন আফজাল হোসেন। এবার ফরীদির স্মরণে প্রকাশিতব্য একটি বইয়ের প্রচ্ছদ করলেন এই অভিনেতা।

আজ ২৯ মে হ‍ুমায়ুন ফরীদির জন্মবার্ষিকী। এই বিশেষ দিনেই প্রকাশ পেতে যাচ্ছে ‘হুমায়ূন ফরিদী সাধারণ এক অসাধারণ’ নামের বইটি। আহমেদ রেজাউর রহমানের সম্পাদনায় বইটির প্রচ্ছদ করেছেন আফজাল হোসেন। বইটিতে ফরীদিকে নিয়ে স্মৃতিচারণা করেছেন ৬০ জন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব। যাঁরা ছিলেন প্রয়াত অভিনেতার কাছের মানুষ।

বইটি প্রসঙ্গে আহমেদ রেজাউর রহমান বলেন, ‘হ‍ুমায়ুন ফরীদির জীবনযাপন বা অভিনয়ের বন্ধুরাই লিখেছেন তাঁকে নিয়ে। আমি লেখাগুলো সম্পাদনা করেছি।’

বইটির প্রচ্ছদ এঁকেছেন আফজাল হোসেন। ছবি: চ্যানেল আই

তিনি জানান, লেখক তালিকায় প্রচ্ছদশিল্পী আফজাল হোসেন যেমন আছেন, তেমনি আছেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দীন বাচ্চু, অভিনেতা রাইসুল ইসলাম আসাদ, অভিনেত্রী ফেরদৌসি মজুমদার, কথাসাহিত্যিক-সাংবাদিক ইমদাদুল হক মিলনসহ অনেকেই।

এ ছাড়া আছেন জয়া আহসান, আফরান নিশো, জিতু আহসানসহ অনেকের লেখা। রয়েছে অভিনেতার পরিবারের সদস্যদের লেখা।

জানা গেছে, আজ হ‍ুমায়ুন ফরীদির জন্মদিন উপলক্ষে চ্যানেল আইয়ের ছাদ বারান্দায় বিকেলে বইটির মোড়ক উন্মোচন হবে। চলচ্চিত্র, মঞ্চ, টেলিভিশনের ব্যক্তিত্বরা অনুষ্ঠানে উপস্থিত থেকে এই কীর্তিমান অভিনেতাকে স্মরণ করবেন।