হুমায়ুন ফরীদি কেন অন্য অভিনেতাদের চেয়ে আলাদা ছিলেন? কেন তিনি হয়ে উঠেছিলেন অনন্য? এমন অনেক শব্দের বুৎপত্তি হয়তো এখন খোঁজা হয়। ফ্ল্যাশব্যাকে যদি এই কৃতির জীবনটা দেখা যায়, তাহলে হয়তো কিছুটা আঁচ করা সম্ভব। আজ অভিনেতার জন্মদিনে থাকল এমন কিছু তথ্য, যা তাঁর অভিনয়জীবনে রেখেছিল আলাদা প্রভাব—
হুমায়ুন ফরীদির নামের ‘ফরীদি’ অংশটুকু উনার মায়ের নাম থেকে নেওয়া। তাঁর মায়ের নাম ফরিদা ইসলাম। বাবার নাম নুরুল ইসলাম। বাবার নামের সঙ্গে মিল রেখেই তাঁর নাম রাখা হয়েছিল হুমায়ূন কামরুল ইসলাম। কিন্তু প্রথাবিরোধী ফরীদি নামের শেষে বাবার নাম বাদ দিয়ে যুক্ত করেন মায়ের নাম। ফরিদার ছেলে ফরীদি।
মঞ্চে প্রথম অভিনয় করেন মাদারীপুরে, নাটকের নাম ছিল ‘মুখোশ যখন খুলবে’। নবম শ্রেণিতে পড়ার সময় যাত্রার দল গড়েছিলেন। দুটি নাটকে অভিনয়ও করেন।
বাবার চাকরিসূত্রে ফরীদি ঘুরেছেন নানা জেলা। ইন্টারমিডিয়েট পাশের পর তিনি ৫ বছর পড়াশোনা না করে ঘুরে বেড়িয়েছেন। পরে ভর্তি হন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। সেখান থেকে ঢাকা থিয়েটার, টিভি নাটক ও চলচ্চিত্রে অভিনয়।
হুমায়ুন ফরীদির প্রথম থিয়েটার দলের নাম ‘ঢাকা থিয়েটার’। এতে যোগ দেওয়ার পর অভিনয় করা প্রথম নাটক ‘শকুন্তলা’। অভিনয় করেন তক্ষক চরিত্রে। মঞ্চে ঢাকা থিয়েটারের ‘মুনতাসীর ফ্যান্টাসি’, ‘কীর্তনখোলা’, ‘কেরামত মঙ্গল’র মতো কালজয়ী নাটকে অভিনয় করে নিজের জাত চিনিয়েছেন তিনি।

মঞ্চে অভিনয়ের ইতি টানেন ১৯৯২ সালে।
টেলিভিশনে অভিনীত প্রথম নাটক আতিকুল হক চৌধুরীর পরিচালনায় ‘নিখোঁজ সংবাদ’। ১৯৮০ সালে ‘নিখোঁজ সংবাদ’-এর মাধ্যমে টেলিভিশন নাটকে অভিষেক হয় ফরীদির। বিটিভির তৎকালীন কর্মকর্তা আতিকুল হক চৌধুরীর ডাকে সাক্ষাৎ করতে গিয়েছিলেন ফরীদি। চিত্রনাট্য পড়ে এই বাঘা পরিচালককে সরাসরি ‘না’ করে দিয়েছিলেন। বিস্ময় ও হতবাক আতিকুল হক চৌধুরীকে জানিয়েছিলেন, চরিত্র পছন্দ না হলে তিনি আগ্রহ পান না। পরে অন্য চরিত্র পান ফরীদি।
হুমায়ুন ফরীদি চলচ্চিত্রে খলনায়কের অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন। তাঁর অভিনীত প্রথম বাণিজ্যিক চলচ্চিত্র ‘দিনমজুর’, মুক্তিপ্রাপ্ত প্রথম বাণিজ্যিক সিনেমা ‘সন্ত্রাস’। দু’টি সিনেমাই শহীদুল ইসলাম খোকন পরিচালনা করেন। অবশ্য বড় পর্দায় প্রথম অভিনয় করেন ১৯৮৫ সালে শেখ নিয়ামত আলীর ‘দহন’ চলচ্চিত্রে। ২০১২ সালে মৃত্যুর আগপর্যন্ত হুমায়ুন ফরীদি অভিনয় করেছেন শতাধিক চলচ্চিত্রে।


জীবন মানেই ক্রমাগত মৃত্যুর দিকে এগিয়ে যাওয়া: ফরীদি
হুমায়ূন ফরীদির কিছু বিখ্যাত উক্তি
