প্রখ্যাত টিভি নাটক নির্মাতা আতিকুল হক চৌধুরী একবার অভিনয়ের জন্য এক তরুণকে দেখে দারুণ পছন্দ করলেন। ভাবলেন তাঁর পরবর্তী নাটক ‘নিখোঁজ সংবাদ’-এ সেই তরুণকে নেবেন। তাঁকে প্রথমে জিজ্ঞেস করলেন, ‘অভিনয় করবে টিভি নাটকে?’
তরুণ বললো, ‘নিশ্চয়ই। কেন করব না!’
আতিকুল চৌধুরী বললেন, ‘ঠিক আছে এমন এমন হবে নাটক, এটা তোমার চরিত্র। এভাবে অভিনয় হবে।’
নির্মাতার বলা শেষ হওয়ার আগেই তরুণটি বলল, ‘না এই নাটকটি আমি করব না।’
আতিকুল হক চৌধুরী বিস্ময়ের ঘোর কাটাতে পারছিলেন না। তাঁর মুখের ওপর বিখ্যাত অভিনেতারাও এভাবে কথা বলতে পারেন না, বলার সাহসও রাখেন না। তখন তিনি টেলিভিশনে দুঁদে ও খ্যাতিমান নাট্যকার। তারপর তিনি বললেন, ‘ঠিক আছে তাহলে তুমি অডিশন দাও।’
তরুণের সাফ জবাব, ‘আমি অডিশনও দিতে পারব না।’
এবার যেন বিস্ময়ে হতবাক হয়ে গেলেন আতিকুল হক চৌধুরী। তিনি এবার কৌতূহলবশত ও বিস্ময়ের সঙ্গে জানতে চেয়ে জিজ্ঞেস করলেন, ‘কেন করবে না?’ তরুণটি বললো, ‘চরিত্রটা পছন্দ হয় নাই।’
নানা কথা চালাচালির পর আতিকুল হক বুঝতে পারেন, এই ছেলেটিকেই তাঁর চাই। অতএব কেবল ওই তরুণের জন্যই নাটকের চরিত্রটি পরিবর্তন করা হয়। পরিবর্তনের পর কাজ করলেন ওই তরুণ অভিনেতা। আর সেই তরুণ অভিনেতাই ছিলেন হুমায়ুন ফরীদি। নিজের দর্শন ও ভাবনার যেমন স্পষ্ট ছাপ তিনি রাখতেন কাজে, তেমনি তার মতাদর্শকেও অনেকে আদর্শ ভাবেন। আর সে কারণেই হয়তো তাঁর কিছু বক্তব্য বা উক্তি তুমুল গ্রহণযোগ্যতা পেয়েছে ভক্ত ও সহশিল্পীদের মাঝে।
২৯ মে ১৯৫২ সালে ঢাকার নারিন্দায় জন্ম নেন হুমায়ুন ফরীদি। মারা যান বসন্তের দিনে, ২০১২ সালের আজের এই দিনে; ১৩ ফেব্রুয়ারি।
খল চরিত্রে সর্বাধিক সাড়া পাওয়া এ তারকা ব্যক্তিজীবনে ভীষণ রোমান্টিক ছিলেন। যেমন তিনি বলেছিলেন, ‘তুমি যখন কাউকে ভালোবাসবে, এক বুক সমুদ্র নিয়ে তাকে ভালোবাসবে। তা নাহলে প্রেমের কোনো অর্থ নাই।’
সেই ভালোবাসা প্রত্যাখ্যান হলে কীভাবে সান্ত্বনা পেতে হবে তাও বাতলে গেছেন। বলেছেন, ‘এক সমুদ্র ভালোবাসার পরেও যার অন্যের প্রতি থাকে ঝোঁক, সে আমার না হোক।’
পর্দায় তুমুল জনপ্রিয় পাওয়া এই তারকার ব্যক্তিজীবনের দু-একটি আক্ষেপ দর্শকদের খুব নাড়া দিয়েছে। তার মধ্যে একটি মন্তব্য হচ্ছে, ‘আমি যাকে আঁকড়ে ধরতে চেয়েছি, সে আমাকে ফেলে গেছে। আমাদের জীবনেও প্রায়ই এমনটা হয়। যাদেরকে আমরা একান্তই খুব কাছের মানুষের মত প্রাধান্য দেই।’
একটা সময় একা থাকতে থাকতে বলেছেন, ‘একা থাকা অনেক ভালো, কারণ একাকীত্ব কখনো বিশ্বাসঘাতকতা করে না।’

তবে জীবন-মৃত্যু নিয়ে হয়তো সবচেয়ে হৃদয়ছোঁয়া উক্তি তিনি করেছেন। ফরীদির মতে, ‘জীবন মানে ক্রমাগত মৃত্যুর দিকে এগিয়ে যাওয়া।’


ইশরাত নিশাত নাট্য পুরস্কার পেলেন যাঁরা
বিধি ভেঙে চলচ্চিত্র উৎসবে জুরি-পুরস্কার, বাংলাদেশকে নিষেধাজ্ঞা দিল ফিপ্রেসি
