চিত্রনায়িকা শবনম বুবলীর সিনেমা থেকে ‘বাদ পড়া আর সরে যাওয়া’ নিয়ে গেল ক’দিন ধরেই শোবিজে জোর আলোচনা।
নায়িকার দাবি, স্বামী শাকিব খানকে নিয়ে আপত্তিকর মন্তব্য করার কারণেই পরিচালক মোহাম্মদ ইকবালের ছবি থেকে সরে দাঁড়ান তিনি। করছেন না ‘বিট্রে’। নির্মাতার কথা ভিন্ন। তাঁর বক্তব্য, ‘বুবলীর দর্শকপ্রিয়তা কমে গেছে। তাই সিনেমা থেকে বাদ দেওয়া হয়েছে।’
বিষয়টি নিয়ে যখন তুমুল আলোচনা-সমালোচনা ঠিক সেই মুহূর্তে মুখ খুললেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। বুবলীকে উদ্দেশ্য করে শাকিব খানের প্রথম স্ত্রী বললেন, ‘দুর্বল গেম প্ল্যান!’
অপু বলেন, ‘নিজে ছবি থেকে বাদ পড়ে শাকিবকে দেয়াল হিসেবে ব্যবহার করার চেষ্টা করেছেন তিনি। দুর্বল গেম প্ল্যান। ছবি থেকে বাদ না পড়লে, শাকিবের প্রতি দরদ দেখানো এমন কোনো বাক্য ব্যবহার করতেন না। আসলে সবখানে শাকিব খানের নাম মুখে নিয়ে উনি ক্লান্ত হয়ে গেছেন।’
তিনি আরও বলেন, ‘‘উনি শাকিব খানের সম্মান নিয়ে কথা বলেন? যখন ‘প্রিয়তমা’র প্রচারের সময় অভিনেতা আফরান নিশো শাকিব খানকে নিয়ে নেতিবাচক কথা বলল, তখন ওনার (বুবলী) মুখে শোনা গেল সেই নিশোর প্রশংসা। সেসময় কীভাবে শাকিবকে নিয়ে বাজে মন্তব্য করা একজন মানুষের পক্ষে সাফাই গাইলেন তিনি?’’
এদিকে, ইকবালের ‘বিট্রে’ সিনেমা থেকে সরে দাঁড়ানোর প্রসঙ্গে বুবলী বলেছিলেন, ‘আমার পরিবার বলেন, সহশিল্পী বলেন, স্বামী বলেন এবং সব সম্পর্কের ঊর্ধ্বে আমার সন্তানের বাবা বলেন তাকে নিয়ে যদি কোনো ব্যক্তি অসম্মানজনক কোনো মন্তব্য করেন, আমি অবশ্যই সে ব্যক্তিকে এড়িয়ে চলব। তাই যেদিন থেকে দেখেছি, শাকিব খানকে নিয়ে ইকবাল ভাই আপত্তিকর মন্তব্য শুরু করলেন, তখন থেকেই আমি তাকে এড়িয়ে চলি।’
বুবলীর এমন কথার উত্তরে ইকবাল তখন ভিন্নমত প্রকাশ করেন। বলেন, ‘তিনি (বুবলী) যদি সিনেমা থেকে সরে দাঁড়ায়, তাহলে সাইনিং মানি আর ৪০ শতাংশ শুটিংয়ের টাকা ফিরিয়ে দিক। যেহেতু তিনি নিজেই বলেছেন সরে দাঁড়ানোর কথা। আমি বলব, আমার টাকা ফিরিয়ে দেওয়ার জন্য, না হয় আমি শিল্পী সমিতিতে লিখিত অভিযোগ জানাব।’
পাশাপাশি বুবলীকে হুঁশিয়ারি দেন ‘পাসওয়ার্ড’ নির্মাতা ইকবাল। তুলে ধরেন পুরনো এক ঘটনা। সেটা এমন, ‘একবার কক্সবাজার শুটিং সেট থেকে বুবলীকে বের করে দিয়েছিলাম। এক ঘণ্টা পর নিজের ভুল বুঝতে পেরে, সে শুটিং করেছিল। আপাতত সেই বিষয়টি নিয়ে কিছু বলতে চাই না। প্রয়োজন হলে বলব।’