দলকে সাপোর্ট আমি করতেই পারি: মাহি

অভিনেত্রী পরিচয়ের বাইরে মাহিয়া মাহি রাজনীতিতে বেশ সক্রিয়। আওয়ামী লীগের সদস্য এ নায়িকা গত দ্বাদশ সংসদ নির্বাচনে অংশ নিয়েছিলেন। স্বতন্ত্র প্রার্থী হয়ে খুব একটা সুবিধা করতে পারেননি। হেরেছেন বেশ বড় ব্যবধানে। তবে আওয়ামী লীগ কর্মী হিসেবেই নিজের পরিচয়টা দিতে পছন্দ করতেন নায়িকা। 

এদিকে, শেখ হাসিনা সরকার পতনের পর থেকেই আতঙ্কে আছেন আওয়ামীপন্থী শিল্পীরা। অনেকেই আছেন আত্মগোপনে। ইতিমধ্যেই কয়েকজন শিল্পীর বিরুদ্ধে মামলাও হয়েছে। একই আতঙ্কে আছেন মাহিও। 

তবে এটিকে খুব একটা গুরুত্ব দিতে চান না মাহি। বক্তব্য এমন—‘আমি কেন ভয়ে থাকব? আমি এমন কোনো দুর্নীতির সঙ্গে জড়িত ছিলাম না, যার কারণে আমাকে প্রশ্নের মুখোমুখি হতে হবে। আমি সব সময়ই অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছি। আপনারা খোঁজ নিলেই তা জানতে পারবেন।’

৫ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর বিমানবন্দর বেশ কড়া অবস্থানে গেছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে গেছেন বড় বড় ‘রুই-কাতলা’। কেউ সেনাবাহিনীর হাতে সোপর্দ হয়েছেন, কেউবা ফিরে গেছেন বাসায়। মাহিও গিয়েছিলেন এয়ারপোর্টে।

সে প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, ‘কিছুদিন আগে আমি দেশের বাইরে গিয়েছিলাম। আপনারা জেনেছেন, বিমানবন্দরে নিরাপত্তাকর্মীরা—ডিজিএফআই, এনএসআইসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থায় আমার রিপোর্ট ভালোভাবে চেক করেছেন। এরপরই তারা আমাকে দেশের বাইরে যাওয়ার অনুমতি দিয়েছেন। এখন আমার নামে যদি কোনো বাজে রিপোর্ট থাকত, তাহলে কি তারা আমাকে দেশের বাইরে যাওয়ার অনুমতি দিত। অবশ্যই না। ব্যক্তি মানুষ হিসেবে আমি একটি দলকে সাপোর্ট করতেই পারি। তবে সেই দলের হয়ে কোনো অপরাধের সঙ্গে জড়িত আছি কিনা এটা দেখার বিষয়। আমি এটুকু বলতে পারি, আমি কোনো অপরাধের সঙ্গে জড়িত ছিলাম না এবং এখনও নেই।’