মুক্তির অনুমতি পেল সাইক্লোন সিত্রাংয়ের মধ্যে তৈরি ছবিটি

মুক্তির অনুমতিপত্র বা সার্টিফিকেশন বোর্ড থেকে চিঠি পেল ‘নয়া মানুষ’। চরের মেহনতি মানুষের জীবন ও প্রকৃতির খেয়ালিপনার বিভিন্ন দিক নিয়ে তরুণ নির্মাতা সোহেল রানা বয়াতি নির্মাণ করছেন তার প্রথম সিনেমা। এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন অভিনয়শিল্পী রওনক হাসান ও মৌসুমি হামিদ।

আ. মা. ম. হাসানুজ্জামানের ‘বেদনার বালু চরে’ গল্প অবলম্বনে মাসুম রেজা চিত্রনাট্যে করেছেন। 

রওনক, বয়াতি ও মৌসুমী। ছবি নির্মাতার সৌজন্যে২০২২ সালের অক্টোবরে চলচ্চিত্রটির চিত্রধারণ শুরু হয়। কিন্তু সুপার সাইক্লোন সিত্রাংয়ের তাণ্ডবে শুটিং সেট চরম ক্ষতিগ্রস্ত হয় এবং কাজ বন্ধ হয়ে যায়। ২০২৩ সালের ৬ এপ্রিল থেকে আবার নতুন করে শুরু হয় চলচ্চিত্রটির কাজ, শেষ হয় ১২ এপ্রিল। পোস্ট প্রোডাকশন শেষ করে গত ১৮ সেপ্টেম্বর সার্টিফিকেশন বোর্ডে জমা হয় এবং ২ অক্টোবর সদস্যরা সিনেমাটি দেখে ২৩ অক্টোবর আনকাট সনদ নথিভুক্ত করেন।

গল্প প্রসঙ্গে সোহেল রানা বয়াতি বলেন, ‘বানভাসি মানুষের গল্প নয়া মানুষ। গল্পের মতোই নানা দুর্যোগ মোকাবেলা করে চলচ্চিত্রটি আনকাট মুক্তির অনুমতি পেয়েছে। নির্মাণের বিভিন্ন পর্যায়ে যারা পাশে ছিলেন তাদের প্রতি কৃতজ্ঞতা। দ্রুততম সময়ে চলচ্চিত্রটি দর্শকদের কাছে পৌঁছে দিতে চাই।’

কমল চন্দ্র দাসের চিত্রগ্রহণে চলচ্চিত্রটিতে আরও অভিনয় করছেন আশীষ খন্দকার, ঝুনা চৌধুরী, নিলুফার ওয়াহিদ, বদরুদ্দোজা, স্মরণ সাহা, শিখা কর্মকার, মাহিন রহমান, মেহারান সানজানা, পারভীন পারু, মেরি ও শিশুশিল্পী ঊষশী প্রমুখ।