ইরানের ফজর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ক্রিস্টাল সিমোর্গ পুরস্কার পেয়েছে তাসনিয়া ফারিণ অভিনীত সিনেমা ‘ফাতিমা’। এরপর গত বছেরর ২৪ মে এটি দেশের সিনেমা হলে মুক্তি পায়। এবার সিনেমাটি আসছে ওটিটি প্ল্যাটফর্মে।
আগামী ২০ ফেব্রুয়ারি ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে উন্মুক্ত হবে ফাতিমা। বিষয়টি জানিয়ে নির্মাতা ধ্রুব হাসান বলেন, ‘সিনেমাটি মূলত গত বছরই ওটিটিতে মুক্তি পাওয়ার কথা ছিল। তবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জুলাই মাসে রাজনৈতিক অস্থিরতার কারণে এর মুক্তি স্থগিত করা হয়।’
সিনেমাটির ‘ফাতিমা’ চরিত্রে অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ। গল্পে দেখা যাবে, কোনো এক ছোট্ট শহর থেকে ঢাকায় এসেছে ফাতিমা। কিন্তু সে যেন সারাক্ষণই এই দেশ ও শহর ছেড়ে পালাতে চায়! আসলে শহর নয়, পালাতে চায় জীবন থেকে। কিন্তু ভাগ্যের ফেরে ফাতিমা যে চরিত্রটিতে প্রথমবারের মতো অভিনয় করার সুযোগ পায়, সেই বীরাঙ্গনা সুবর্ণা যেন তাকে অভিনয় থেকে টেনে নেয় বাস্তবতায়। ফাতিমা ও সুবর্ণা হয়ে ওঠে দুই সময়ের এক অবিচ্ছেদ্য প্রতিচ্ছবি।
এতে ফারিণের সঙ্গে জুটি বেঁধেছেন ইয়াশ রোহান। বিশেষ একটি ভূমিকায় রয়েছেন পান্থ কানাই। এ ছাড়াও অভিনয় করেছেন মানস বন্দ্যোপাধ্যায়, আয়শা মনিকা, এ বি এম সুমন, তারিক আনাম খান, শাহেদ আলী, শতাব্দী ওয়াদুদ, শাকিল আহমেদ প্রমুখ।