‘ঠিক আছে, ধন্যবাদ, বিদায়’, আমেরিকায় পৌঁছে বললেন মাহি

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী মাহিয়া মাহি নীরবে পাড়ি জমিয়েছেন যুক্তরাষ্ট্রে। গত এক বছরে বড় পর্দায় দেখা না গেলেও ব্যক্তিজীবন ও সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় উপস্থিতির কারণে ছিলেন নিয়মিত আলোচনায়। সঙ্গে ছিল রাজনৈতিক যোগও। এবার নতুন করে শিরোনামে এলেন দেশের বাইরে যাওয়ার খবরে।

বৃহস্পতিবার (১৯ জুন) সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পৌঁছান মাহি। সেখানে পৌঁছেই নিজের ফেসবুক অ্যাকাউন্টে একগুচ্ছ ছবি পোস্ট করেন তিনি। ছবির ক্যাপশনে লেখা ছিল মাত্র তিনটি শব্দ—‘ঠিক আছে, ধন্যবাদ, বিদায়।’ লোকেশন হিসেবে উল্লেখ করা হয়েছে নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র।

এতে অনেকে ধারণা করছেন, হয়তো অভিনেত্রী নতুন কোনো অধ্যায়ের সূচনায় রয়েছেন। যদিও মাহি নিজে সফরের নির্দিষ্ট কোনো কারণ জানাননি। মাহির ভাষ্য, ‘ভিসা পাওয়ার পর আর আসা হয়নি যুক্তরাষ্ট্রে। তাই এবার একটু সময় বের করে এলাম। বাচ্চা তো দেশে আছে, ঘুরে ফিরে আবার যাব।’

মাহি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। মনোনয়ন না পেলেও গত জাতীয় সংসদ নির্বাচনে সতন্ত্র প্রার্থী হয়ে হেরে যান। তাই রাজনৈতিক পট পরিবর্তনের তার এই সফর বাড়তিআগ্রহ তৈরি করেছে।