হাঁটুর সমস্যায় ভুগছেন নিশো, করতে হবে অস্ত্রোপচার

বছর দুয়েক আগে রায়হান রাফী নির্মিত ‘সুড়ঙ্গ’ দিয়ে বড় পর্দায় অভিষেক করেছেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। সবশেষ ঈদুল আজহায় তাঁকে দেখা গেছে ‘তান্ডব’ সিনেমার একটি বিশেষ চরিত্রে। যেখানে তিনি ‘সুড়ঙ্গ ২’র ইঙ্গিত দিয়েছেন। এরপর থেকেই ভক্তদের আগ্রহ তুঙ্গে যে, কবে আসছে সিক্যুয়েলটি?

তবে অভিনেতার ভক্তদের অপেক্ষার প্রহর আরও দীর্ঘ হচ্ছে। কারণ, হাঁটুর সমস্যায় ভুগছেন নিশো। যদিও স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছেন, কিন্তু সিনেমার অ্যাকশন ও দীর্ঘ শুটিংয়ের জন্য শারীরিকভাবে তাঁকে শতভাগ ফিট থাকা দরকার। ফলে সুড়ঙ্গ-২’র শুটিংয়ের আগে তাঁকে হাঁটুর অস্ত্রোপচার করাতে হবে।

শনিবার (৯ আগস্ট) নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে আয়োজিত ‘১০ম ইন্টারন্যাশনাল বিজনেস জিনিয়াস বাংলাদেশ’ অনুষ্ঠানে শিক্ষার্থীদের সঙ্গে আলাপকালে এই তথ্য জানিয়েছেন অভিনেতা নিজেই। 

সুড়ঙ্গ-২ নিয়ে নিশোর কাছে প্রশ্ন রাখলে তিনি বলেন, ‘‘সুড়ঙ্গ-২ কবে আসবে সেটা নির্মাতা রাফী জানে। আমাকেও ফিজিক্যালি ফিট হতে হবে। পুরোপুরি অ্যাকটিভ লাইফ লিড করতে হলে আমাকে একটা ‘নি সার্জারি’ করাতে হবে।’’

এ সময় মজা করে তিনি এ-ও বলেন, ‘‘এটা এর আগে কখনও বলা হয়নি। আজ প্রথমবার বলছি। এখন যদি সবাই ভাবে ‘তোমার তো পা ভাঙা’, তাহলে তো আর কাজ পাব না!’’

অনুষ্ঠানে নিজের ক্যারিয়ারের শুরুর দিকের অভিজ্ঞতাও শেয়ার করেন নিশো। তিনি জানান, তাঁর শুরুটা কোনো থিয়েটার বা মঞ্চনাটক থেকে নয়। টিভি নাটক করেই অভিনয় শিখেছেন। তাঁর মতে, টিভি নাটক, মঞ্চনাটক ও সিনেমা—প্রতিটিই ভিন্ন মাধ্যম, আর প্রতিটি ক্ষেত্রেই আলাদা শেখার বিষয় রয়েছে।

প্রসঙ্গত, সুড়ঙ্গ-২ ছাড়াও এই মুহূর্তে আফরান নিশোর হাতে একাধিক সিনেমা ও ওয়েব সিরিজের কাজ রয়েছে। সামনে তাঁকে নির্মাতা রেদওয়ান রনির নতুন সিনেমা ‘দম’-এ দেখা যাবে। চলতি বছরের শেষদিকে সিনেমাটির শুটিং শুরুর কথা রয়েছে। আগামী ঈদুল ফিতরে মুক্তির পরিকল্পনা রয়েছে।