আজ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে তিনটি নতুন সিনেমা—সাবা, স্বপ্নে দেখা রাজকন্যা ও উদীয়মান সূর্য। দেখে নেওয়া যাক কোনটার ভাগ্যে কত হল জুটল—
স্বপ্নে দেখা রাজকন্যা
মোস্তাফিজুর রহমান মানিকের সিনেমা স্বপ্নে দেখা রাজকন্যা প্রেম ও স্বপ্নভঙ্গের গল্প নিয়ে নির্মিত। পরিচালক বলেন, ‘রাজকন্যার স্বপ্ন আর বাস্তবতার জটিলতাকে তুলে আনা হয়েছে।’
এই সিনেমায় প্রথমবারের মতো জুটি বেঁধেছেন আদর আজাদ ও নিশাত সালওয়া। দীর্ঘ সময় আটকে থাকার পর এবার অবশেষে মুক্তি পাচ্ছে ছবিটি। মানিক জানান, প্রযোজকের ঝামেলা ও সঠিক সময়ের অপেক্ষা করতে গিয়েই দেরি হয়েছে।
এতে আরও অভিনয় করেছেন মৌসুমী মিথিলা, শিমুল খান, রেবেকা, সুব্রত, মারুফ আকিব ও আলীরাজ। গল্প ও সংলাপ লিখেছেন সুদীপ্ত সাঈদ খান। আজ ঢাকার আনন্দ, আজাদ, সৈনিক ক্লাব, বিজিবি অডিটরিয়ামসহ দেশজুড়ে ২৮টি হলে দেখা যাবে ছবিটি।
সাবা
সবচেয়ে আলোচিত মুক্তি পাচ্ছে মাকসুদ হোসাইন পরিচালিত সাবা। এতে নামভূমিকায় অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। এটিই তাঁর প্রথম সিনেমা, যদিও এর আগে মুক্তি পেয়েছে তাঁর দ্বিতীয় ছবি প্রিয় মালতী।
গত বছর সাবা–এর বিশ্ব প্রিমিয়ার হয়েছিল টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। এরপর ছবিটি প্রদর্শিত হয়েছে বুসান, রেড সি, গথেনবার্গ, সিডনি, রেইনড্যান্সসহ একাধিক আন্তর্জাতিক উৎসবে।
গল্পে দেখা যায়, বাবা নিখোঁজ, মা হুইলচেয়ারে বন্দি; এমন এক তরুণীর জীবনসংগ্রাম। চরিত্রের প্রস্তুতি প্রসঙ্গে মেহজাবীন বলেন, ‘অনেক রিহার্সাল করেছি। কঠোর পরিশ্রম করতে হয়েছে। গল্পটা আমার পরিচালকের শাশুড়ি ও চিত্রনাট্যকার ত্রিলোরা খানের মায়ের বাস্তব জীবনের। তাই চরিত্রটা অনেক গভীরভাবে বুঝতে পেরেছি।’
সিনেমায় মায়ের ভূমিকায় রয়েছেন রোকেয়া প্রাচী। মেহজাবীনের সঙ্গে প্রথমবার কাজ করেছেন অভিনেতা মোস্তফা মনোয়ার।
প্রায় দুই দশক ধরে বিজ্ঞাপনচিত্র ও স্বল্পদৈর্ঘ্য নির্মাণের পর সাবাই মাকসুদ হোসাইনের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। সিনেমাটি মুক্তি পাচ্ছে ঢাকার স্টার সিনেপ্লেক্স, ব্লকবাস্টার সিনেমাসসহ বিভিন্ন হলে।
উদীয়মান সূর্য
এস এম শফিউল আযম পরিচালিত উদীয়মান সূর্য–এর কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন সাদমান সামীর ও কান্তা নুর। প্রযোজনা করেছে লিনেট ফিল্মস।
এছাড়া আরও অভিনয় করেছেন শিশির আহমেদ, তামান্না জুলি, ওবিদ রেহান, সাজ্জাদ সাজু ও আনোয়ার সিরাজী। সিনেমাটি মুক্তি পাচ্ছে দেশের সাতটি প্রেক্ষাগৃহে, যার মধ্যে রয়েছে ঢাকার ম্যাজিক মুভি থিয়েটার, কুষ্টিয়ার স্বপ্নীল সিনেপ্লেক্স, দিনাজপুরের ফুলবাড়ীর অবকাশ সিনেমা, নরসিংদীর চলন্তিকা সিনেমাস।