দেশের গুণী দুই অভিনেতা মোশাররফ করিম ও চঞ্চল চৌধুরী। একসঙ্গে তাঁরা বহু কাজ করেছেন টিভি নাটকে। অভিনয় করেছেন ‘টেলিভিশন’ নামের চলচ্চিত্রেও। এই দুই মহারথীকে আবারও একসঙ্গে দেখা যাবে বড়পর্দায়। না, চমকের এখনই শেষ নয়!
এটি নির্মিত হচ্ছে নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের জনপ্রিয় উপন্যাস ‘কিছুক্ষণ’ অবলম্বনে। সিনেমাটি নির্মাণ করছেন ‘উৎসব’খ্যাত পরিচালক তানিম নূর।
তবে সিনেমাটির বিষয়ে নিশ্চুপ আছেন নির্মাতা। তিনি ইনডিপেনডেন্ট ডিজিটালকে বললেন, ‘নির্মাতা হিসেবে কিছুটা কাজ গুছিয়ে নিচ্ছি। আজ সন্ধ্যায় একটা ঘোষণা আসবে।’
ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, হুমায়ূন আহমেদের দুই পরিবার থেকেই গল্পটি নিয়ে কাজ করার গ্রিন সিগন্যাল পেয়েছেন নির্মাতা। আসছে ডিসেম্বরে শুরু হবে এর শুটিং। আর সিনেমাটি মুক্তি পাবে আসছে রোজা ঈদে।
জানা গেছে, তানিম নূরর প্রথম সিনেমা ‘উৎসব’র মতো নতুন এই সিনেমাতেও থাকছে তারকাদের মেলা। এতে মোশাররফ ও চঞ্চল ছাড়াও দেখা যাবে সাবিলা নূর, শরীফুল রাজসহ একঝাঁক তারকাকে। এতে চিত্রা চরিত্রে সাবিলাকে দেখা যাবে বলেও জানা গেছে।