ফিরছেন বাপ্পারাজ, সঙ্গে দীঘি

দীর্ঘদিন পর অভিনয়ে ফিরছেন এক সময়ের জনপ্রিয় নায়ক বাপ্পারাজ। ‌‘বরবাদ’খ্যাত নির্মাতা মেহেদী হাসান হৃদয়ের নতুন সিনেমা দিয়ে প্রত্যাবর্তন করছেন তিনি। আর তাঁর সঙ্গে জুটি বেঁধেছেন চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি।

প্রথমবার একসঙ্গে কোনো সিনেমায় অভিনয় করছেন দুই প্রজন্মের এই দুই তারকা। সূত্র বলছে, ইতিমধ্যে সিনেমাটির শুটিং শুরু হয়েছে সুনামগঞ্জে।

তবে বিষয়টি নিয়ে এখনই কিছু জানাতে চাইছেন না মেহেদী হাসান হৃদয়। এদিকে, ছবিটি সম্পর্কে জানতে চাইলে বাপ্পারাজ জানান, আপাতত প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে এ বিষয়ে কথা বলা নিষেধ আছে।

জানা যায়, বাপ্পারাজ ও দীঘিসহ বেশ ক’জন তারকা নিয়ে নির্মিত হচ্ছে বিদায়। এতে চেয়ারম্যানের ভূমিকায় থাকছেন বাপ্পারাজ।

এমনকি দেশে দৃশ্যধারণের পর মধ্যপ্রাচ্যের একটি দেশেও কিছু অংশের শুটিং হওয়ার কথা রয়েছে। মূলত প্রত্যন্ত অঞ্চল থেকে বিদেশে যাওয়াকে কেন্দ্র করেই এগিয়ে যাবে ছবিটির গল্প।

বাপ্পারাজ ও দীঘি ছাড়াও এতে যুক্ত হয়েছেন জনপ্রিয় অভিনেতা ফারুক আহমেদ ও ফজলুর রহমান বাবু। আগামী রোজার ঈদে সিনেমাটি মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে।