বর্তমানে সৌদি আরবের রিয়াদে অবস্থান করছেন জনপ্রিয় চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি। সেখানে হোটেল রুমে তাঁর অনুপস্থিতিতে একটি চিঠি লিখে রেখে যান এক পরিচ্ছন্নতাকর্মী। প্রিয় তারকার সঙ্গে দেখা করার আকাঙ্ক্ষা জানিয়ে লেখা এই চিঠি দেখে রীতিমতো আবেগাপ্লুত দীঘি।
সৌদি আরবের রাজধানী রিয়াদে ‘রিয়াদ সিজন’-এর ৬ষ্ঠ আসরের অংশ হিসেবে গত ১১ নভেম্বর থেকে শুরু হয়েছে ‘বাংলাদেশ কালচার’ পর্ব। আন্তর্জাতিক এই আয়োজনে দীঘির মঞ্চ মাতানোর কথা রয়েছে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সামাজিকমাধ্যম ফেসবুকে সেই চিঠির পাওয়ার বিষয়টি শেয়ার করেন দীঘি। উচ্ছ্বাস প্রকাশ করে তিনি লিখেছেন, ‘সকালবেলা হোটেল থেকে বের হওয়ার সময় রিসেপশনে বলে গিয়েছিলাম আমার রুমটা যেন ক্লিন (পরিষ্কার) করে রাখে। অনেক হাঁটাহাঁটি করে দুই হাতভর্তি শপিং করে রুমে ঢুকে দেখি আমার রুমে একটা ছোট চিরকুট রাখা। সম্ভবত যিনি রুম ক্লিন করেছিলেন, তিনি বাঙালি। এই ডিজিটাল আর সোশ্যাল মিডিয়া যুগে কেউ এইভাবে একটু দেখা করতে চাচ্ছে ব্যাপারটা খুব মিষ্টি লাগলো।’
তিনি আরও বলেন, ‘এই নোটটার মাধ্যমে আবারও নতুন করে উপলব্ধি করলাম ভালোবাসা এখনও চিঠিতে বসবাস করে। আর আমার এমন ভক্তদের জন্য এখনও নিজের পায়ে দাঁড়িয়ে আছি, তাদের এই ভালবাসাটা আজীবন চলমান থাকুক।’
প্রসঙ্গত, রিয়াদ সিজন-এ শুধু দীঘিই নন, গায়ক আসিফ আকবর ও মনির খানও সেখানে পারফর্ম করবেন।