পাবনার ঈশ্বরদীতে সদ্যোজাত ৮টি কুকুরছানাকে পুকুরে ফেলে হত্যার ঘটনায় নেটিজেনদের অনেকে ক্ষোভপ্রকাশ করছেন। সাধারণ মানুষ থেকে শুরু করে শোবিজ তারকারাও এই নিষ্ঠুরতার বিরুদ্ধে সরব হয়েছেন।
প্রাণী অধিকার সচেতনতা নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছেন অভিনেত্রী জয়া আহসান। কুকুরছানা হত্যার বিচার চেয়ে সামাজিকমাধ্যমের এক পোস্টে তিনি লেখেন, ‘ঈশ্বরদীতে আটটি কুকুরের বাচ্চাকে মেরে ফেলল নির্দয়, নিষ্ঠুর, মানসিক ভারসাম্যহীন মানুষ! খুনির কঠোরতম শাস্তি চাই।’
অভিনেত্রীর এই পোস্টে নেটিজেনদের অনেকেই সহমর্মিতা প্রকাশ করে প্রাণী নির্যাতন আইনের কার্যকারিতা আরও কঠোর করার দাবি তুলছেন।
সোমবার (১ ডিসেম্বর) ঈশ্বরদী উপজেলা পরিষদ চত্বরে কুকুরছানা হত্যার এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায়, সপ্তাহখানেক আগে উপজেলা পরিষদের সরকারি কোয়ার্টারে থাকা ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনের কর্মকর্তার বাসার আঙিনায় একটি মা কুকুর ৮টি ছানার জন্ম দেয়। গতকাল মা কুকুরটিকে হঠাৎ ছুটোছুটি ও কাঁদতে দেখে স্থানীয়রা খোঁজ নিয়ে জানতে পারেন যে, ছানাগুলোকে পুকুরে ফেলে হত্যা করা হয়েছে। পরে পুকুর থেকে মৃত ছানাগুলো উদ্ধার করা হলে মা কুকুরটি পাশে বসে আর্তনাদ করতে থাকে। পরবর্তীতে ছানাগুলোকে মাটিচাপা দেওয়া হয়।
জনপ্রিয় অভিনেতা নিলয় আলমগীর তাঁর এক পোস্টে বলেন, ‘মা কুকুরটা মৃত বাচ্চাগুলোর দিকে তাকিয়ে আছে। একটা বার চিন্তা করে দেখুন তো, বস্তার ভিতরে বাচ্চাগুলো পানির মধ্যে কেমন করছিল, বাঁচার জন্য কত চেষ্টা করছিল, কতটা কষ্ট পেয়ে বাচ্চাগুলো মারা গিয়েছে। এখন মা কুকুরটার কতটা কষ্ট হচ্ছে। মা কুকুরটার বুকের দুধ খাওয়াতে না পারলে ব্যাথা শুরু হবে, হয়তো মা কুকুরটাও মারা যাবে বুকের দুধ কোনো বাচ্চাকে খাওয়াতে না পেরে। এই হত্যাকাণ্ডের জন্য খুনির সর্বোচ্চ শাস্তির দাবি জানাচ্ছি।’
এ ঘটনার সত্যতা স্বীকার করে অভিযুক্ত কর্মকর্তা হাসনুর রহমান নয়ন গণমাধ্যমকে বলেন, ‘আমার সন্তানদের নিরাপত্তার কথা ভেবে স্ত্রী ছানাগুলোকে সরাতে বলেছিল। কিন্তু সেগুলোকে মেরে ফেলা হবে, তা ভাবিনি। আমি লজ্জিত ও দুঃখিত।’
এ ঘটনায় তাৎক্ষণিক ব্যবস্থা নেয় উপজেলা প্রশাসন। ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান বলেন, ‘এটি চরম অমানবিক ও নিষ্ঠুর কাজ। শাস্তিস্বরূপ ওই কর্মকর্তাকে এক দিনের মধ্যে সরকারি কোয়ার্টার ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।’
তিনি আরও জানান, মা কুকুরটির চিকিৎসার দায়িত্ব প্রাণিসম্পদ অধিদপ্তরকে দেওয়া হয়েছে।