সিনেমায় নতুন এক রেকর্ড গড়ল শবনম বুবলি ও আদর আজাদ অভিনীত সিনেমা ‘পিনিক’। এর একটি গান এক টেকেই শুট করে আলোচনায় এসেছে টিম। ‘আধাচাঁদ’ শিরোনামের এই গানটি বাংলা সিনেমায় এক টেকে শুট হওয়া প্রথম পূর্ণদৈর্ঘ্যের গান, এমনটাই দাবি প্রযোজনা প্রতিষ্ঠানের।
গানটির সংগীতায়োজন করেছেন শান্ত শান। সুর ও কণ্ঠে আছেন জিয়া রাজ। কোরিওগ্রাফির দায়িত্বে ছিলেন মোফাসসেল আলিফ।
গানটি নিয়ে নিজের অভিজ্ঞতার কথা জানিয়ে শবনম বুবলী বলেন, ‘গানটির শুটিংয়ের আগের দিন কোরিওগ্রাফার আলিফের নির্দেশনায় আমি ও সহশিল্পী আদর আজাদ রিহার্সাল করেছি। প্রায় চার ঘণ্টার চেষ্টায় পুরো গানটি এক টেকেই শুট করা সম্ভব হয়েছে। এমন চমৎকার ভাবনা নিয়ে কাজ করার জন্য সিনেমার পুরো টিমকে ধন্যবাদ ও ভালোবাসা।’
অন্যদিকে নির্মাতা জাহিদ জুয়েল জানান, গানটি শোনার পরই তাঁর মাথায় আসে এক টেকে শুট করার পরিকল্পনা। তিনি বলেন,
‘শোনার পর মনে হলো, এটা ওয়ান টেকেই করা উচিত। টিমের সবার সঙ্গে পরিকল্পনাটা শেয়ার করলে তারাও সমর্থন দেন। সবার সম্মিলিত প্রচেষ্টাতেই কাজটি সম্ভব হয়েছে।’
নারীপ্রধান গল্পে নির্মিত সাইকো-থ্রিলার অ্যাকশন সিনেমা পিনিক প্রযোজনা করছে ইউরো-বাংলা এন্টারটেইনমেন্ট। আগামী রোজার ঈদে চলচ্চিত্রটির মুক্তির পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান।