সোনালী যুগের জনপ্রিয় অভিনেতা ইলিয়াস জাভেদ মারা গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২। আজ সকাল সাড়ে ১১টার দিকে রাজধানী উত্তরার নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বিষয়টি ইনডিপেনডেন্ট ডিজিটালকে নিশ্চিত করেছেন শিল্পী সমিতির কার্যনির্বাহী সদস্য সনি রহমান।
দীর্ঘদিন ধরে ক্যান্সারের সঙ্গে লড়াই করছিলেন এই কিংবদন্তি। এছাড়া হার্টের সমস্যাও ছিল তাঁর। এর আগে দুইবার হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন।
১৯৬৪ সালে উর্দু ছবি ‘নয়ি জিন্দেগি’ দিয়ে নায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন জাভেদ। তবে ১৯৬৬ সালে ‘পায়েল’ সিনেমার পর দর্শকপ্রিয়তা আরও বাড়তে থাকে এই নায়কের। এই সিনেমায় তাঁর নায়িকা ছিলেন শাবানা।
এ ছাড়া তিনি ছিলেন একজন নৃত্য পরিচালকও। তাঁর আসল নাম রাজা মোহাম্মদ ইলিয়াস। নৃত্য পরিচালনা দিয়ে চলচ্চিত্র জগতে অভিষেক ঘটলেও পরবর্তীতে নায়ক হিসেবে প্রধান চরিত্রে অভিনয় করেন শতাধিক চলচ্চিত্রে। তিনি তাঁর অনেক কাজের মধ্যে ‘নিশান’ চলচ্চিত্রের জন্য বেশি পরিচিত।
জাভেদের জন্ম ১৯৪৪ সালে, ব্রিটিশ ভারতের পেশাওয়ারে। পরে তিনি সপরিবারে সেখান থেকে পাঞ্জাবে চলে আসেন। ব্যক্তিজীবনে তিনি ১৯৮৪ সালে চিত্রনায়িকা ডলি চৌধুরীকে বিয়ে করেন।