টম ক্রুজ অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘ডিগার’-এর ট্রেলার প্রকাশের পর নতুন করে আলোচনায় এসেছেন মালায়ালাম অভিনেতা ফাহাদ ফাসিল। কারণ, অস্কারজয়ী নির্মাতা আলেজান্দ্রো গঞ্জালেস ইনারিতুর একটি ছবিতে কাজের সুযোগ পেয়েও শেষ পর্যন্ত সেটি করেননি বলে জানিয়েছেন তিনি।
নিজের নতুন সিনেমা ‘ওডুম কুথিরা চাডুম কুথিরা’-এর প্রচারণায় চলচ্চিত্র সমালোচক মনীশ নারায়ণনকে দেওয়া এক সাক্ষাৎকারে ফাহাদ জানান, প্রথমে তিনি ভেবেছিলেন অডিশনে বাদ পড়ে গেছেন। পরে বিষয়টি পরিষ্কার হলে জানতে পারেন, আসল বাধা ছিল তার ইংরেজি উচ্চারণ।
অভিনেতার ভাষ্য, চরিত্রটির জন্য তাকে তিন থেকে চার মাস যুক্তরাষ্ট্রে থেকে উচ্চারণের প্রশিক্ষণ নেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে ওই সময়ের জন্য কোনো পারিশ্রমিকের ব্যবস্থা ছিল না। তাই শেষ পর্যন্ত তিনি প্রস্তাবটি গ্রহণ করেননি।
ফাহাদ বলেন, 'বাণিজ্যিকভাবে বিষয়টি আমার কাছে যৌক্তিক মনে হয়নি। শুধু উচ্চারণ ঠিক করার জন্য কয়েক মাস সময় ও শ্রম দেওয়ার মতো তাগিদও অনুভব করিনি।'
তিনি আরও জানান, পরিচালক আলেজান্দ্রো গঞ্জালেস ইনারিতুর সঙ্গে তার ভিডিও কলে কথাও হয়েছিল। তবে পরিচালকেরও মনে হয়েছিল, নির্দিষ্ট চরিত্রটির জন্য তিনি হয়তো আদর্শ পছন্দ নন।
তবে সুযোগটি হাতছাড়া হওয়া নিয়ে কোনো আক্ষেপ নেই বলেও জানান ফাহাদ। তার কথায়, 'আমার ক্যারিয়ারের সবচেয়ে জাদুকরী মুহূর্তগুলো এসেছে মালায়ালাম সিনেমা থেকেই। তাই কোনো আফসোস নেই।'
যদিও ফাহাদ কোন সিনেমার জন্য অডিশন দিয়েছিলেন, সেটি তিনি স্পষ্ট করেননি। তবে সময়ের প্রেক্ষাপট এবং সম্প্রতি প্রকাশিত ‘ডিগার’-এর ট্রেলার ঘিরে অনেকের ধারণা, টম ক্রুজ অভিনীত এই ছবিরই একটি চরিত্রের জন্য তাকে বিবেচনা করা হয়েছিল।
সামাজিক যোগাযোগমাধ্যমে আরও গুঞ্জন রয়েছে, শেষ পর্যন্ত সেই চরিত্রে অভিনয় করছেন ব্রিটিশ অভিনেতা রিজ আহমেদ। তবে এ বিষয়ে নির্মাতা বা প্রযোজনা সংস্থার পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক নিশ্চিত তথ্য দেওয়া হয়নি।
আলেজান্দ্রো গঞ্জালেস ইনারিতু পরিচালিত ‘ডিগার’-এ টম ক্রুজের পাশাপাশি অভিনয় করেছেন জেসি প্লেমন্স, সান্দ্রা হুলার, রিজ আহমেদ ও জন গুডম্যান। বৈশ্বিক বিপর্যয় ঠেকাতে সময়ের বিরুদ্ধে এক মানুষের লড়াইকে কেন্দ্র করে নির্মিত ছবিটি আগামী অক্টোবরে মুক্তির কথা রয়েছে।
অন্যদিকে, ফাহাদ ফাসিলকে পরবর্তী সময়ে দেখা যাবে আলতাফ সেলিম পরিচালিত রোমান্টিক-কমেডি ‘ওডুম কুথিরা চাডুম কুথিরা’ সিনেমায়। কল্যাণী প্রিয়দর্শনের সঙ্গে জুটি বেঁধে অভিনীত ছবিটি আগামী ২৯ আগস্ট, ওনাম উৎসব উপলক্ষে মুক্তি পাবে।