‘পিচ্চি’ বলে ডাকত, প্রেমিকা নয়! মায়ের মুখে সালমান-শাবনূরের সম্পর্ক

ঢালিউডের প্রয়াত চিত্রনায়ক সালমান শাহ ও অভিনেত্রী শাবনূরের জুটি নব্বইয়ের দশকে দর্শকের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। পর্দায় তাঁদের রসায়ন ঘিরে তখন থেকেই নানা আলোচনা ও গুঞ্জন ছিল। তাঁদের সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরে নানা ধরনের কথাও ছড়িয়েছে। তবে এবার সেই সম্পর্ক নিয়ে কথা বলেছেন সালমান শাহর মা নীলা চৌধুরী।

তাঁর দাবি, সালমান শাহ ও শাবনূরের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল না। শাবনূরকে সালমান ছোট বোনের মতোই স্নেহ করতেন। সালমানের কোনো বোন না থাকায় শাবনূরকে তিনি ‘পিচ্চি’ বলে ডাকতেন এবং তাঁকে ছোট বোনের মতো আগলে রাখতেন।

নীলা চৌধুরীর ভাষ্য, শাবনূরও বিভিন্ন বিষয়ে সালমানের ওপর নির্ভর করতেন। প্রয়োজনের সময় সালমান তাঁকে সহযোগিতা করতেন। তবে তাঁদের এই ঘনিষ্ঠতাকে কেউ কেউ ভিন্নভাবে উপস্থাপন করেছেন বলে মনে করেন তিনি। তাঁর মতে, সেখান থেকেই সালমান-শাবনূরের প্রেমের গুঞ্জন তৈরি হয়।

শাবনূরও এর আগে একাধিকবার সালমান শাহর সঙ্গে প্রেমের সম্পর্কের কথা অস্বীকার করেছেন। তাঁর ভাষায়, সালমান ছিলেন তাঁর শ্রদ্ধেয় বড় ভাই ও জ্যেষ্ঠ সহশিল্পী। তাঁদের সম্পর্ককে ঘিরে কিছু মানুষ ও সংবাদকর্মী মুখরোচক গল্প তৈরি করেছিলেন বলেও অভিযোগ করেছেন তিনি। এসব গুঞ্জন তাঁর দীর্ঘ ক্যারিয়ারে কষ্টের কারণ হয়েছিল বলে জানিয়েছেন এই অভিনেত্রী।

সালমান শাহর সঙ্গে শাবনূরের সম্পর্ক শুধু চলচ্চিত্রের সেটেই সীমাবদ্ধ ছিল না। সালমানের স্ত্রী সামিরার সঙ্গেও শাবনূরের বন্ধুত্ব ছিল। দুই পরিবারের মধ্যেও ছিল ঘনিষ্ঠতা।

চলচ্চিত্রে সালমান-শাবনূর জুটি ছিল নব্বইয়ের দশকের অন্যতম জনপ্রিয় জুটি। মাত্র কয়েক বছরের ক্যারিয়ারে সালমান শাহ অভিনয় করেন ২৭টি সিনেমায়। এর মধ্যে ১৪টি সিনেমায় তাঁর নায়িকা ছিলেন শাবনূর। ‘তুমি আমার’ সিনেমার মাধ্যমে তাঁদের জুটি হিসেবে পথচলা শুরু। এরপর ‘সুজন সখী’, ‘আনন্দ অশ্রু’সহ একাধিক ব্যবসাসফল সিনেমায় একসঙ্গে অভিনয় করেন তাঁরা।

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রহস্যজনকভাবে মৃত্যু হয় সালমান শাহর। তাঁর মৃত্যুর পরও শাবনূরের সঙ্গে সম্পর্ক নিয়ে নানা আলোচনা থামেনি। সম্প্রতি সালমান শাহর মৃত্যুর ঘটনায় অভিনেতা ডনকে গ্রেপ্তারের পর পুরোনো সেই প্রসঙ্গ আবারও আলোচনায় এসেছে।

জীবদ্দশায় মুক্তি পাওয়া সালমান শাহর শেষ সিনেমা ‘স্বপ্নের পৃথিবী’। তাঁর মৃত্যুর পর মুক্তি পায় ‘বুকের ভেতর আগুন’। অকালমৃত্যুর তিন দশক পরও বাংলা চলচ্চিত্রের দর্শকের কাছে সালমান শাহর জনপ্রিয়তা অমলিন। আর শাবনূরের সঙ্গে তাঁর পর্দার জুটিও এখনো নব্বইয়ের দশকের বাংলা সিনেমার অন্যতম স্মরণীয় অধ্যায় হয়ে আছে।