স্বামী নির্মাতা আদনান আল রাজীবের পরিচালনায় বড়পর্দায় আসছেন মেহজাবীন চৌধুরী। নায়ক হিসেবে থাকছেন আফরান নিশো।সিনেমার নাম ‘অপলক’।
বুধবার (৪ নভেম্বর) সন্ধ্যায় সামাজিক মাধ্যমে সিনেমাটির আনুষ্ঠানিক ঘোষণা দেন নির্মাতা। নিজের ফেসবুকে নিশো ও মেহজাবীনের সঙ্গে চুক্তি স্বাক্ষরের মুহূর্তের কয়েকটি ছবি প্রকাশ করেন তিনি। সেই সঙ্গে জানান, দীর্ঘদিনের স্বপ্নের প্রকল্পে যুক্ত হয়েছেন ছোটপর্দার জনপ্রিয় এই দুই তারকা।
প্রথম সিনেমা নিয়ে বেশ উচ্ছ্বসিত আদনান আল রাজীব। তাঁর ভাষায়, ‘আমার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘অপলক’। এর সঙ্গে জড়িয়ে আছে পুরো টিমের অনেকখানি স্বপ্ন আর ভালোবাসা। সেই ভালোবাসার পৃথিবীতে এবার যুক্ত হলেন আফরান নিশো ও মেহজাবীন চৌধুরী।’
কেমন হবে ‘অপলক’? নির্মাতার কথায় মিলেছে সেই আভাসও। রোমান্টিক ঘরানার গল্পে নির্মিত হবে সিনেমাটি। যেখানে শুধু প্রেম নয়, উঠে আসবে মানুষের নিজেকে খুঁজে পাওয়ার গল্পও।
এদিকে সিনেমাটির প্রস্তুতি প্রায় শেষ। শিগগিরই শুরু হবে দৃশ্যধারণ। ঢাকা মেইলকে নির্মাতা জানিয়েছেন, সবকিছু গুছিয়ে নিয়েছেন তাঁরা। শুটিং শুরু হবে শিগগিরই। তবে মুক্তির তারিখসহ অন্যান্য তথ্য জানানো হবে আনুষ্ঠানিকভাবে।
বিজ্ঞাপন ও নাটক নির্মাণের মধ্য দিয়ে নিজস্ব নির্মাণশৈলীর পরিচয় দিয়েছেন আদনান আল রাজীব। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের জন্য কান চলচ্চিত্র উৎসবেও অর্জন করেছেন স্বীকৃতি। এরপর থেকেই তাঁর পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের অপেক্ষায় ছিলেন দর্শকরা। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে ‘অপলক’-এর মাধ্যমে।
অন্যদিকে, বড়পর্দায় নিশো-মেহজাবীন জুটির ব্যস্ততা বাড়ছে। ‘অপলক’ ছাড়াও আরও দুটি সিনেমায় একসঙ্গে দেখা যাবে তাঁদের। এর মধ্যে ‘খলনায়ক’ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন নিশো, আর অতিথি চরিত্রে থাকছেন মেহজাবীন। পাশাপাশি ‘পুলসিরাত’ নামের আরেকটি সিনেমাতেও পর্দা ভাগ করবেন তাঁরা।