ক্যান্সার আক্রান্ত নির্মাতা শুকুর সাহায্যার্থে ‘ডুবসাঁতার’

ক্যান্সার ও কিডনি জটিলতায় আক্রান্ত নাট্যকার, পরিচালক ও প্রযোজক মাতিয়া বানু শুকুর চিকিৎসা সহায়তায় বিশেষ উদ্যোগ নিয়েছে চ্যানেল আই। নির্মাতার চিকিৎসার জন্য তহবিল সংগ্রহে শনিবার (২৮ নভেম্বর) বিকেল ৪টা ৪৫ মিনিটে চ্যানেলটির পর্দায় প্রচার হবে তাঁর স্বামী নির্মাতা নুরুল আলম আতিক পরিচালিত চলচ্চিত্র ‘ডুবসাঁতার’।

ভাষাসৈনিক আবদুল মতিনের জ্যেষ্ঠ কন্যা মাতিয়া বানু শুকু বর্তমানে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। দীর্ঘদিন ধরে তিনি দুরারোগ্য ক্যান্সার ও কিডনি সমস্যায় ভুগছেন।

পরিবার সূত্রে জানা গেছে, ‘ডুবসাঁতার’ চলচ্চিত্রের এই বিশেষ প্রদর্শনী থেকে সংগৃহীত বিজ্ঞাপন আয়ের সম্পূর্ণ অর্থ শুকুর চিকিৎসায় ব্যয় করা হবে। মেধাবী এই নির্মাতার চিকিৎসা সহায়তায় বিজ্ঞাপনদাতা ও শুভাকাঙ্ক্ষীদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন তাঁর স্বজনরা।

টেলিভিশন নাটক ও নির্মাণে মাতিয়া বানু শুকুর উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘যেখানে সীমান্ত তোমার’, ‘প্রজ্ঞা পারমিতা’ ও ‘গোল্লাছুট’র মতো জনপ্রিয় টেলিফিল্ম ও ধারাবাহিক। প্রযোজক হিসেবে তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারও অর্জন করেছেন।