নতুন চলচ্চিত্র ‘দিগন্তে ফুলের আগুন’। শহীদজায়া পান্না কায়সারের লেখা ‘মুক্তিযুদ্ধ: আগে ও পরে’ অবলম্বনে তৈরি হচ্ছে এটি। ওয়াহিদ তারেকের পরিচালনায় এতে পান্না কায়সারের চরিত্রে অভিনয় করছেন বিদ্যা সিনহা মিম ও শহীদুল্লা কায়সার হয়েছেন মোস্তফা মনওয়ার। এবার এই দুই শিল্পীকে পাওয়া গেল চরিত্রের লুকে।
গত ১ আগস্ট থেকে শুরু হয়েছে এর শুটিং। আজ (৯ আগস্ট) পান্না কায়সার চরিত্রে নিজের লুক প্রকাশ করেছেন মিম। ফেসবুকে প্রকাশিত ছবিতে একই ফ্রেমে তার সঙ্গে শহীদুল্লা কায়সার চরিত্রেও ধরা দিয়েছেন অভিনেতা মোস্তফা মনওয়ার। পোস্ট করার সঙ্গে সঙ্গেই প্রশংসায় ভাসছেন তারা। ‘দিগন্তে ফুলের আগুন’ তৈরি হচ্ছে শহীদুল্লা কায়সার-পান্না কায়সার দম্পতির মেয়ে অভিনেত্রী শমী কায়সারের প্রযোজনা প্রতিষ্ঠান ধানসিঁড়ি প্রোডাকশন থেকে।