এ দেশের ছবিতে কাজ করে কলকাতার ইধিকা পাল এখন বাংলাদেশের ‘প্রিয়তমা’। কলকাতাতেও পাচ্ছেন প্রচুর প্রশংসা। স্তুতি বাক্য মিললেও সেভাবে ভালো চিত্রনাট্যের এখনও দেখা পাচ্ছেন না ইধিকা।
ভারতীয় সংবাদমাধ্যম জানাচ্ছে, এই মুহূর্তে ইধিকার কাছে নতুন কাজের প্রস্তাব আসছে। তালিকায় রয়েছে দুই বাংলাই। বাংলাদেশের ছবিতে অভিনয় করে তাঁর কাছে যে কাজের প্রস্তাব বেড়েছে সে কথাও স্বীকার করে নিয়েছেন অভিনেত্রী। তাঁর কথায়, ‘এর মাঝেই বাংলাদেশে যাওয়ার কথা ছিল। কিন্তু সেটা কোনও ছবির জন্য নয়, অন্য একটা কাজে। কিন্তু ব্যস্ততার কারণে যেতে পারিনি।’
কলকাতায় কাজের বিষয়ে অভিনেত্রীর ভাষ্য, ‘এখনও কিছুই ঠিক হয়নি। প্রস্তাব তো আসছেই। কথাবার্তা চলছে। কিন্তু টলিউডে প্রথম ছবির ক্ষেত্রে বুঝেশুনে ঠাণ্ডা মাথায় সিদ্ধান্ত নিতে চাই।’’
এরই সঙ্গে ইধিকার সংযোজন,‘ছবি করতে হবে বলেই রাজি হতে চাই না। ভাল চিত্রনাট্যের অপেক্ষায় রয়েছি।’