ইতিহাসনির্ভর চলচ্চিত্র ‘ওপেনহাইমার’ দিয়ে এবারের অস্কারে বাজিমাত করেছেন আইরিশ অভিনেতা কিলিয়ান মারফি। জিতে নিয়েছেন সেরা অভিনেতার পুরস্কার। এই রেশ থাকতে থাকতেই আবারও ইতিহাসনির্ভর নতুন চলচ্চিত্রে যুক্ত হলেন মারফি। ‘ব্লাড রানস কয়েল’ নামে এটি নির্মিত হবে ইউনিভার্সেল পিকচার্সের ব্যানারে। খবর ভ্যারাইটির।
সিনেমাটি তৈরি হচ্ছে মার্ক আ. ব্র্যাডলির ‘ব্ল্যাড রানস কয়েল: দ্য ইয়াবলনস্কি মার্ডারস অ্যান্ড দ্য ব্যাটল ফর দ্য ইউনাইটেউ মাইন ওয়ার্কারস অব আমেরিকা’ অবলম্বনে। যেখানে উঠে এসেছে দেশটির মাইন ইউনিয়নের সংগঠক জোসেফ ‘জক’ ইয়াবলনস্কির হত্যাকাণ্ড। যিনি ১৯৬৯ সালে নিজের বাসায় স্ত্রী-কন্যাসহ খুন হয়েছিলেন। আমেরিকার ইতিহাসে যা ‘১৯৬৯ মার্ডার’ নামে পরিচিত।
জানা যায়, দুর্নীতিবাজ ইউনিয়ন নেতাদের বিরুদ্ধে প্রচারণা চালিয়েছিলেন ইয়েবলনস্কি, যা ওই সময়কার আমেরিকান কয়লাশিল্পের আড়ালে বিভিন্ন লেনদেনের বিষয়কে সামনে নিয়ে এসেছিল। আর এতেই রোষানলের শিকার হন তিনি। ধারণা করা হচ্ছে—এই ইয়েবলনস্কির চরিত্রেই দেখা যাবে মারফিকে।
সিনেমাটিতে প্রযোজক হিসেবেও থাকছেন অভিনেতা। বিগ থিংকস ফিল্মসের মাধ্যমে অ্যালেন মোলোনির সঙ্গে যৌথভাবে থাকছেন তিনি। অন্যদিকে, প্রযোজনায় আরও রয়েছেন ড্যাভিস ব্রাদার্সের ‘ড্যাভিস এন্টারটেইনমেন্ট’। চিত্রনাট্য লিখছেন জেজ বাটারওয়ার্থ ও জন-হেনরি বাটারওয়ার্থ। তবে এই পিরিয়ডিক্যাল সিনেমাটির পরিচালনায় কে থাকছেন, সেটা এখনও প্রকাশ করেনি ইউনিভার্সেল।
প্রসঙ্গত, নির্মাতা ক্রিস্টোফার নোলানের ওপেনহাইমার দিয়ে আরও একবার আলোচনায় রয়েছেন কিলিয়ান মারফি। তবে এই তারকার ক্যারিয়ারে মোড় ঘুরিয়ে দিয়েছিল ‘দ্য উইন্ড দ্যাট শেকস দ্য বারলে’ চলচ্চিত্রটি। এরপর তুমুলভাবে তিনি জনপ্রিয়তা কুড়িয়ে নেন ‘পিকি ব্লাইন্ডার্স’ সিরিজে।