এই অভিনেত্রীকে প্রথম মোবাইল ফোন উপহার দিয়েছিলেন টম ক্রুজ

ছোটবেলা থেকেই হলিউড চলচ্চিত্রের পরিচিত মুখ মার্কিন অভিনেত্রী ডাকোটা ফ্যানিং। শিশুশিল্পী হিসেবে তিনি কাজ করেছেন টম ক্রুজ, ডেনজেল ওয়াশিংটন, জুলিয়া রবার্টস, অপরাহ উইনফ্রের মতো নামী হলিউড তারকাদের সঙ্গে। বড়বেলায় তাঁকে দেখা গেছে ‘দ্য টুয়ালাইট সাগা’, ‘ওয়ান্স আপন আ টাইম ইন হলিউড’ ও ‘দ্য ইকুয়ালাইজার থ্রি’র মতো জনপ্রিয় সিনেমায়। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী যেন আবারও ফিরে গিয়েছিলেন সেই ছোটবেলায়। জানিয়েছেন, নিজের ১১তম জন্মদিনে প্রথমবার সেলফোন পেয়েছিলেন তিনি। আর সেটি উপহার দিয়েছিলেন ‘মিশন ইম্পসিবল’ তারকা টম ক্রুজ!

ক’দিন আগে মুক্তি পেয়েছে ডাকোটা অভিনীত ওয়েব সিরিজ ‘রিপলি’। এতে তাঁর সহশিল্পী হিসেবে রয়েছেন আইরিশ অভিনেতা অ্যান্ড্রু স্কট। সম্প্রতি তাঁর সঙ্গে এক ভিডিও সাক্ষাৎকারে অংশ নিয়েছিলেন ডাকোটা। যেখানে অভিনেত্রীর কাছে এই অভিনেতা প্রশ্ন রেখেছিলেন—‘ডাকোটাকে তাঁর প্রথম সেলফোনটি কে দিয়েছিলেন?’

ইঙ্গিত দিয়ে অভিনেতা বলেন, ‘ঠিক আছে, এটা কি কোনো হলিউড আইকন হতে যাচ্ছেন... টম ক্রুজ?’

তাঁর কথায় একমত প্রকাশ করে অভিনেত্রী জানান, তখন তিনি ১১ বছরে পা রেখেছেন। ২০০৫ সালে যখন ‘ওয়ার অব দ্য ওয়ার্ল্ড’ সিনেমায় টম ক্রুজের সঙ্গে পর্দা ভাগাভাগি করেছিলেন, সেলফোন উপহার পাওয়ার ঘটনাটি সেসময়েরই। ওই বছর থেকে অভিনেত্রীর প্রতি জন্মদিনেই কোনো না কোনো উপহার পাঠিয়ে থাকেন ‌‘টপ গান’ অভিনেতা।

জাস্টিন চ্যাটউইন, স্টিভেন স্পিলবার্গ ও টম ক্রুজের সঙ্গে ছোট্ট ডাকোটা। ছবি: সংগৃহীত

সেই মোবাইল ফোনটি পেয়ে কি বেশ উদ্দীপনায় ছিলেন ডাকোটা? এ প্রসঙ্গে অভিনেত্রীর ভাষ্য, ‘ওহ মাই গড! আমি খুবই আনন্দিত ছিলাম।’

যোগ করে আরও বলেন, ‘যদিও কাউকে কল কিংবা টেক্সট করা হয়নি তখন। কারণ আমার বয়স ছিল মাত্র ১১। কিন্তু সেটি খুব পছন্দ করেছিলাম। খুবই আনন্দের ছিল। ওই জন্মদিন থেকে প্রতিবছর টম আমাকে বার্থডে গিফট পাঠান।’

এর আগে একটি ম্যাগাজিনের জন্য অ্যান্ড্রু স্কটকে দেওয়া সাক্ষাৎকারে ডাকোটা জানিয়েছিলেন তাঁর পাওয়া সেরা উপহারের কথা। সেটি তিনি পেয়েছিলেন ‘ড্রিমার’ সহশিল্পী কার্ট রাসেলের কাছ থেকে। বর্ষীয়ান এই অভিনেতা ডাকোটাকে একটি ঘোড়া উপহার দিয়েছিলেন।

প্রসঙ্গত, গত ৪ এপ্রিল নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে ওয়েব সিরিজ রিপলি। আট পর্বের এই সাইকোলজিক্যাল থ্রিলারটি পরিচালনা করেছেন স্টিভেন জাইলিয়ান। এতে ডাকোটা ও স্কট ছাড়াও অভিনয় করেছন জনি ফ্লিন, এলিয়ট সামার প্রমুখ।