পর্দায় নবরূপে আসছে ব্রিটিশ নাট্যকার মেরি শেলির বিখ্যাত ‘ফ্রাঙ্কেনস্টাইন’। একই শিরোনামে এবার সিনেমাটি নির্মাণ করেছেন অস্কারজয়ী নির্মাতা গিয়ের্মো দেল তোরো। যেখানে ভিক্টর ফ্রাঙ্কেনস্টাইনের ভূমিকায় অভিনয় করেছেন অস্কার আইজ্যাক। অন্যদিকে, তার সহযোগী দানবের চরিত্রে দেখা যাবে জ্যাকব এলোর্ডিকে।
সম্প্রতি বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম ভ্যারাইটির সাক্ষাৎকার টেবিলে বসেছিলেন এই দুই তারকা। কথা বলেছেন সিনেমাটির বিভিন্ন দিক নিয়ে। অস্ট্রেলিয়ান অভিনেতা জ্যাকব এলোর্ডি জানান, তাঁর চরিত্রটি রূপায়ন করতে গিয়ে সারারাত নাওয়া-খাওয়া ভুলে তিনি মেকআপ রুমেই ছিলেন। বলতে গেলে, চরিত্রটির জন্য নিজেকে পুরো সঁপে দিয়েছিলেন!
আলাপকালে জ্যাকব জানান, আগের দিন রাত ১০টার দিকে তিনি মেকআপ রুমে প্রবেশ করেছিলেন। এরপর ‘দানব’ রূপে প্রস্তুত হতে রাতভর সেখানেই ছিলেন। যখন কিছুটা সুযোগ পেয়েছেন সেই হোটেল রুমেই দানবীয় চলফেরা অনুশীলন করেছেন।
তিনি বলেন, ‘এমন সিনেমা করতে গেলে আপনি সময়কে ছুড়ে ফেলবেন। আমার ঘড়ি থেমে গিয়েছিল, আমি শুধু গাড়ির জন্য অপেক্ষায় ছিলাম। এর মানে এখন যাওয়ার সময় হয়েছে! আমি নাস্তা, দুপুরের খাবার বা রাতের খাবার কিছুই খাইনি, অথবা সকাল-বিকেল-রাতের কথাও ভাবিনি। একটা সময়েই এমন হয়েছে।’
এর আগে, এক সাক্ষাৎকারে সিনেমাটিতে জ্যাকব এলোর্ডিকে নেওয়ার কারণ জানিয়েছিলেন দেল তোরো। তিনি জানান, এই অভিনেতার চোখ ভীষণ মায়াবী। সিনেমাটি থেকে যখন অ্যান্ড্রু গারফিল্ড সরে গেলেন, তখন একেবারে শেষদিকে গিয়ে তিনি এলোর্ডিকে বেছে নেন।
এই সিনেমায় আরও অভিনয় করেছেন মিয়া গোথ, লার্স মিক্কেলসেন, ডেভিড ব্র্যাডলি ও চার্লস ড্যান্স।
সিনেমাটির লগলাইন—‘একজন মেধাবী কিন্তু অহংকারী বিজ্ঞানী এক বিস্ময়কর পরীক্ষা করতে গিয়ে একটি প্রাণীকে জীবন্ত করে তোলেন, যা শেষ পর্যন্ত সেই স্রষ্টা ও তার করুণ সৃষ্টি উভয়কে ধ্বংস করে।’
নির্মাতা জানান, সিনেমাটি ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে আসার আগে আগামী ১৭ অক্টোবর মাত্র তিন সপ্তাহের জন্য থিয়েটারে মুক্তি পাবে। এরপর আগামী ৭ নভেম্বর থেকে ওটিটিতে উন্মুক্ত হবে।