প্যারিসের গ্র্যান্ড প্যালেসে ঝলমলে আলো, ক্যামেরার ফ্ল্যাশ আর ভক্তদের উল্লাস—সব মিলিয়ে যেন তারকাদের মিলনমেলা। শ্যানেলের স্প্রিং/সামার ২০২৬ কালেকশন উপস্থাপনকে ঘিরে সোমবার সন্ধ্যায় এমনই রঙিন ছিল প্যারিস ফ্যাশন উইক।
সবচেয়ে নজর কেড়েছেন অস্কারজয়ী অভিনেত্রী নিকোল কিডম্যান। তার সঙ্গে ছিলেন দুই মেয়ে—সানডে রোজ ও ফেইথ মার্গারেট। মা-মেয়ের এই স্টাইলিশ উপস্থিতিতে যেন শোয়ের শুরুতেই আলোচনায় চলে আসেন তারা।
এই উপস্থিতি আসে এমন সময়ে, যখন মাত্র এক সপ্তাহ আগেই প্রকাশিত হয়েছে নিকোল ও সংগীতশিল্পী কিথ আরবানের বিচ্ছেদের খবর। তবে বিচ্ছেদের ছায়া নয়, প্যারিসে কিডম্যানের মুখে ছিল আত্মবিশ্বাসী হাসি।
শোতে হাজির ছিলেন তারকাদের হরেক সাজ—মার্গট রবি, পেনেলোপি ক্রুজ, পেদ্রো পাস্কাল, টিল্ডা সুইনটন, নাওমি ক্যাম্পবেল, আর ব্ল্যাকপিঙ্ক তারকা জেনি।
ফ্রন্ট রো-তে বসে ক্যামেরার ঝলকে ধরা পড়লেন রবি, পাস্কাল ও সংগীতশিল্পী লিয়া দৌ।
প্যারিস ফ্যাশন উইক শেষ হচ্ছে মঙ্গলবার। সপ্তাহব্যাপী ফ্যাশনের এই উৎসব শেষ হলেও তারকাদের গ্ল্যামার আর স্টাইলের অনুরণন থাকবে আরও কিছুদিন।