অভিনেত্রী দাদারিওর বিয়ে বিচ্ছেদ

হলিউড অভিনেত্রী আলেকজান্দ্রা দাদারিও ও চলচ্চিত্র প্রযোজক অ্যান্ড্রু ফর্ম তিন বছরের দাম্পত্য জীবনের ইতি টেনেছেন। যৌথ এক বিবৃতিতে তারা জানিয়েছেন, পারস্পরিক ভালোবাসা ও সম্মানের ভিত্তিতেই আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

বিবৃতিতে বলা হয়, তারা একসঙ্গে সন্তানের দায়িত্ব পালন করবেন এবং এই পরিবর্তনের সময়ে তাদের ব্যক্তিগত পরিসরের প্রতি সম্মান জানাতে অনুরোধ জানিয়েছেন। বিচ্ছেদের পরও সন্তানের যৌথ অভিভাবকত্ব বজায় থাকবে বলে নিশ্চিত করেছেন তারা।

করোনা মহামারির সময় নিউইয়র্কে পরিচয়ের মধ্য দিয়ে তাদের সম্পর্কের সূচনা। ২০২১ সালের শেষদিকে বাগদান সম্পন্ন হয় এবং ২০২২ সালের জুনে নিউ অরলিন্সে বিয়ে করেন এই জুটি। ২০২৪ সালে তাদের ঘরে জন্ম নেয় এক পুত্রসন্তান, যার বয়স বর্তমানে প্রায় ১৫ মাস। অ্যান্ড্রু ফর্মের আগের সংসারেও রোয়ান ও জুলিয়ান নামে দুই সন্তান রয়েছে।

ব্যক্তিজীবনের টানাপোড়েনের মধ্যেও পেশাগতভাবে সক্রিয় রয়েছেন আলেকজান্দ্রা দাদারিও। ১৬ বছর বয়সে ‘অল মাই চিলড্রেন’-এর মাধ্যমে অভিনয়জগতে পা রাখেন তিনি। পরবর্তী সময়ে অ্যানাবেথ চেজ চরিত্রে অভিনয়ের মাধ্যমে পরিচিতি পান। এইচবিওর জনপ্রিয় সিরিজ ‘দ্য হোয়াইট লোটাস’–এ অভিনয়ের জন্য প্রাইমটাইম এমি মনোনয়নও অর্জন করেন।

এর আগে এক সাক্ষাৎকারে গর্ভপাতের অভিজ্ঞতা নিয়েও খোলামেলা কথা বলেছিলেন এই অভিনেত্রী। ‘ভোগ’–কে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, এমন মানসিক আঘাতের অভিজ্ঞতা না হলে তা বোঝানো কঠিন।