নতুন ‘সুপারগার্ল’ আসছে বাংলাদেশের পর্দায়

চার দশকের বেশি সময় পর আবার বড় পর্দায় ফিরছে ‘সুপারগার্ল’। ১৯৮৪ সালে প্রথম মুক্তি পাওয়া এই চরিত্রভিত্তিক সিনেমাটি বক্স অফিসে সফল না হলেও এবার নতুনভাবে পর্দায় হাজির হচ্ছে ডিসি ইউনিভার্সের ‘সুপারগার্ল’। ক্রেইগ গিলেস্পি পরিচালিত সিনেমাটি আন্তর্জাতিকভাবে মুক্তি পাবে ২৬ জুন, আর একই দিনে বাংলাদেশেও এটি মুক্তি দেবে স্টার সিনেপ্লেক্স।

সিনেমাটিতে সুপারগার্ল বা কারা জোর-এল চরিত্রে অভিনয় করেছেন মিলি অ্যালকক। এর আগে ‘হাউস অব দ্য ড্রাগন’ সিরিজে অভিনয় করে তিনি দর্শকের নজর কাড়েন। এছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন ম্যাথিয়াস শোনার্টস, ইভ রিডলি, ডেভিড ক্রামহোল্টজ, এমিলি বিচাম, ডেভিড কোরেনসওয়েট এবং জেসন মোমোয়া।

গল্পে দেখা যাবে, ধ্বংসপ্রাপ্ত ক্রিপ্টনের ভয়াবহ অভিজ্ঞতা নিয়ে বড় হওয়া কারা পৃথিবীর সুপারম্যানের চেয়ে অনেক বেশি কঠোর ও ক্ষতবিক্ষত এক চরিত্র। মহাকাশ ভ্রমণে গিয়ে রুথি নামের এক কিশোরীর সঙ্গে তার পরিচয় হয়। রুথির পরিবারকে হত্যার পর তাকে সঙ্গে নিয়ে ন্যায়বিচারের খোঁজে বিপজ্জনক অভিযানে বের হয় সুপারগার্ল।

সিনেমাটির আরেকটি বড় আকর্ষণ হলো লোবো চরিত্রের লাইভ-অ্যাকশন অভিষেক, যেখানে অভিনয় করেছেন জেসন মোমোয়া। ট্রেলার প্রকাশের পর থেকেই সিনেমাটি নিয়ে দর্শকদের আগ্রহ বেড়েছে। অনেকেই এটিকে প্রচলিত সুপারগার্ল গল্পের চেয়ে বেশি পরিণত, অন্ধকার ও আবেগঘন বলে মনে করছেন। নতুন ডিসি ইউনিভার্সে সুপারম্যানের পাশাপাশি সুপারগার্লকেও গুরুত্বপূর্ণ নায়ক হিসেবে প্রতিষ্ঠার পরিকল্পনার অংশ হিসেবেই দেখা হচ্ছে সিনেমাটিকে।