অস্কারজয়ী অভিনেতা জ্যারেড লেটোর বিরুদ্ধে ৯ নারীর গুরুতর অভিযোগ

অস্কারজয়ী অভিনেতা ও 'থার্টি সেকেন্ডস টু মার্স' ব্যান্ডের ভোকালিস্ট জ্যারেড লেটোর বিরুদ্ধে নয়জন নারী দীর্ঘমেয়াদি যৌন অসদাচরণের অভিযোগ তুলেছেন।

যাদের মধ্যে কয়েকজন প্রথম পরিচয়ের সময় নাবালিকা ছিলেন বলে দাবি করেছেন। মার্কিন সাময়িকী এয়ার মেইলের একটি অনুসন্ধানী প্রতিবেদনে এসব অভিযোগ প্রকাশ পায়।

অভিযোগগুলোর সময়কাল প্রায় এক দশকেরও বেশি বিস্তৃত এবং তাতে রয়েছে অশালীন যৌন কথোপকথন, রাত-বিরাতে ফোন করা, অস্বাভাবিক আচরণ ও কয়েকটি ক্ষেত্রে সরাসরি শারীরিক অসদাচরণের অভিযোগ।

এক মডেল, লরা লা রু, দাবি করেন ২০০৮ সালে বেভারলি হিলসে এক পশু-অধিকার বিষয়ক অনুষ্ঠানে মাত্র ১৬ বছর বয়সে লেটোর সঙ্গে তাঁর পরিচয় হয়, আর তাঁর বয়স জানার পরও লেটো তাঁর ফোন নম্বর চেয়েছিলেন।

এরপর দুজনের মধ্যে ইমেইল আদান-প্রদান শুরু হয় এবং পরের বছর তিনি লেটোর স্টুডিওতে যাতায়াত শুরু করেন, যেখানে তিনি লেটোর আচরণকে ফ্লার্টিং বলে বর্ণনা করেছেন।

আরেকজন নারী জানান, ১৬ বছর বয়সে এক ক্যাফেতে পরিচয়ের পর লেটো তাঁকে মধ্যরাতে অস্বাভাবিক কণ্ঠে ফোন করতেন। এসব অভিযোগের জবাবে লেটোর প্রতিনিধি এয়ার মেইলকে জানিয়েছেন, সব অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করা হচ্ছে এবং তাঁদের মধ্যে যোগাযোগ ছিল সম্পূর্ণ শালীন।

লা রুর ক্ষেত্রে দাবি করা হয়, তিনি পরবর্তী সময়ে লেটোর ব্যক্তিগত সহকারী পদের জন্য আবেদনও করেছিলেন, যদিও লা রু নিজে এই দাবি অস্বীকার করেছেন।

লেটোর প্রতিনিধি আরও জানান, গত ৩৫ বছরে অভিনেতা কোনো মাদক বা মদ্যপান করেননি। ৫৩ বছর বয়সী লেটো নব্বইয়ের দশকে জনপ্রিয় টিভি সিরিজ 'মাই সো-কলড লাইফ' দিয়ে পরিচিতি পান, পরে 'রিকুয়েম ফর আ ড্রিম', 'ড্যালাস বায়ার্স ক্লাব' ও 'সুইসাইড স্কোয়াড'-এর মতো ছবিতে অভিনয় করে খ্যাতি অর্জন করেন।