বেলাল খানের মিউজিক্যাল শর্টফিল্ম ‘আঁধার রাতের ছায়া’

জনপ্রিয় সংগীতশিল্পী বেলাল খানের কণ্ঠে প্রকাশিত হয়েছে মিউজিক্যাল শর্টফিল্ম ‘আঁধার রাতের ছায়া’। প্রচলিত মিউজিক ভিডিওর বাইরে গিয়ে এই গানের সঙ্গে একটি পূর্ণাঙ্গ চলচ্চিত্রের আবহ ও গল্পনির্ভর দৃশ্যায়ন যুক্ত করা হয়েছে।

আঁধার রাতের ছায়া গানের কথা লিখেছেন সালাম সরকার। সুর করেছেন সোহেল অটল। যৌথভাবে গানটির সংগীতায়োজন করেছেন সুমন কল্যাণ ও সোহেল অটল। মিউজিক্যাল শর্টফিল্মটির ভিডিও পরিচালনাও করেছেন সোহেল অটল।

নির্মাতার পরিকল্পনায় ‘আঁধার রাতের ছায়া’ শুধু একটি গানের ভিডিও নয়; বরং সংগীত ও চলচ্চিত্রের মেলবন্ধনে নির্মিত একটি মিউজিক্যাল শর্টফিল্ম। সম্প্রতি তা অটল’স ক্যাফে নামের একটি ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে।

প্রযোজনাটির অন্যতম বিশেষত্ব হলো এর দৃশ্য নির্মাণে ব্যবহার করা হয়েছে এআই প্রযুক্তি। গল্পের আবহ, চরিত্রের উপস্থিতি, দৃশ্যের বিন্যাস এবং সিনেম্যাটিক উপস্থাপনায় প্রযুক্তির ব্যবহার ফিল্মটিতে আরও ভিন্নমাত্রা যোগ করেছে।

শিল্পী বেলাল খান এ প্রসঙ্গে বলেন, ‘কৃত্রিম বুদ্ধিমত্তা সৃষ্টিশীল চিন্তাকে কাজে রূপান্তরের যে অভাবনীয় সুযোগ তৈরি করে দিয়েছে, তার সর্বোচ্চ ব্যবহার করার সময় এখন। এই গানের ভিজ্যুয়াল তৈরিতে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সহায়তা নেওয়া হয়েছে। এভাবেই মানুষ ও এআই’র যুগলবন্ধন সৃষ্টিশীলতাকে আরও গতি দিচ্ছে।’

গানটি প্রসঙ্গে বেলাল বলেন, ‘এটি একটি মিষ্টি প্রেমের গান। সালাম সরকার দারুণ লিখেছেন। দারুণ সুর করেছেন সোহেল অটল। সুমন কল্যাণের মতো পেশাদার মিউজিশিয়ানের তত্ত্বাবধানে গানটি পরিবেশনযোগ্য হয়ে উঠেছে। আশা করছি সবার ভালো লাগবে।’