মেহজাবীনের প্রোফাইলে কেন কাকের ছবি!

রোববার (৪ জানুয়ারি) রাত থেকেই অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর একটি পোস্ট ঘিরে নেটদুনিয়ায় শোরগোল। ওই পোস্টে একটি পোস্টার শেয়ার করে কবিতা লিখেছেন তিনি! যেখান থেকে আঁচ করা যায়—নির্মাতা ভিকি জাহেদের পরিচালনায় নতুন কোনো কনটেন্টে হাজির হতে যাচ্ছেন অভিনেত্রী। ‌‘আরারাত’ নামে যেটি প্রচার হবে ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জে। 

ওই পোস্টে মেহজাবীন লিখেছেন—
‘অদ্ভুত এক জিনিস আমি
আমাকে ক্রয় করে যেই
তাঁর আমাকে প্রয়োজন নেই!  
অদ্ভুত এক জিনিস আমি
যেই আমাকে তৈরি করে 
সেই দেখে ভয়ে মরে! 
অদ্ভুত এক জিনিস আমি
যার দ্বারা ব্যবহৃত হই
কখনই তাঁর প্রিয় নই! 
অদ্ভুত এক জিনিস আমি...’ 

শেষে মেহজাবীন বললেন, ‘‘‘জিনিস’টা কী? আসছে আরারাত!’’

আরারাত সিরিজের পোস্টার। ছবি: ফেসবুক/ মেহজাবীন

অভিনেত্রীর পোস্ট করা স্থিরচিত্রের সূত্র ধরে ইনডিপেনডেন্ট ডিজিটালের কথা হয় ভিকি জাহাদের সঙ্গে। তিনি বললেন, ‘হ্যাঁ, আরারাত নামে একটি ওয়েব সিরিজ আসছে। এখন এটির পোস্ট প্রোডাকশনের কাজ চলছে। বিঞ্জে তা চার থেকে পাঁচ পর্বে প্রচার হবে।’
 
জানা গেছে, গত বছরের ডিসেম্বরে শুটিং হয়েছে সিরিজটির। নরসিংদীর ঘোড়াশালসহ ঢাকা ও এর আশপাশের নবাবগঞ্জ, মানিকগঞ্জের বিভিন্ন লোকেশনে এর দৃশ্যধারণ হয়েছে।

সিরিজটি নিয়ে ভিকি জাহেদের ভাষ্য, ‘এটি একটি ভালোবাসার গল্প। তবে সচররাচর আমরা যে ধরনের ভালোবাসা দেখি এটা তেমন নয়, একটু ভিন্ন ধরনের গল্প দেখতে পাবেন দর্শকরা।’ 

এই সিরিজে মেহজাবীনের সঙ্গে কে জুটি বেঁধেছেন—জানতে চাইলে নির্মাতা বলেন, ‘‘সেটা জানতে হলে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। সিরিজের প্রত্যেক চরিত্রের ‘ক্যারেক্টার পোস্টার’ প্রকাশ করব আমরা, সে পর্যন্ত অপেক্ষা করতে হবে।’’

তবে জানা গেছে, ভালোবাসা দিবস উপলক্ষে প্রচারে আসছে সিরিজটি। যদিও কবে সেটা তা এখনও চূড়ান্ত হয়নি। 

প্রসঙ্গত, সাম্প্রতিক বছরে ওটিটির কাজেই বেশি ব্যস্ত সময় পার করছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। সবশেষ তাঁকে দেখা গেছে শিহাব শাহীন পরিচালিত ওয়েব ফিল্ম ‘নীল জলের কাব্য’তে। আর ছোটপর্দায় মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘অনন্যা’ নাটকে। এদিকে, স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকিতে সম্প্রতি প্রচার হয়েছে ভিকি জাহেদ পরিচালিত ওয়েব সিরিজ ‘টিকিট’। যেখানে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, সাফা কবির ও মনোজ প্রামাণিক প্রমুখ।