নির্মাতা হিসেবে ওটিটি প্ল্যাটফর্মে অভিষেক হলো অভিনেত্রী আফসানা মিমির। মুক্তি পেয়েছে তাঁর ওয়েব ফিল্ম ‘অফ দ্য মার্ক’। আজ থেকে স্ট্রিমিং প্ল্যাটফর্ম আইস্ক্রিনে দেখা যাচ্ছে এটি।
জানা গেছে, ওয়েব ফিল্মটির গল্প এগিয়েছে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে। মফস্বলের মধ্যবিত্ত এক পরিবারের ছেলে দীপু। ছোটবেলা থেকেই যার স্বপ্ন ক্রিকেটার হওয়ার। কিন্তু স্বপ্নপূরণ তো সহজ কথা নয়, দীপুর ক্ষেত্রেও বাধা হয়ে দাঁড়ায় নানা ঘাত-প্রতিঘাত। তবু সে হাল ছাড়ে না, এগিয়ে চলে স্বপ্নের পথে।
ওয়েব ফিল্মটির গল্প প্রসঙ্গে আফসানা মিমি বলেন, ‘গল্পটা ১৪ বছরের এক কিশোরের স্বপ্নপূরণের। সেই স্বপ্নের পেছনে তার মায়ের ত্যাগ ও সংগ্রাম কতখানি—সেটাও দেখানো হয়েছে। খুব সাধারণ একটা গল্প। তাই নির্মাণেও সেই সাধারণ বিষয়টি রাখার চেষ্টা করেছি।’
জানা গেছে, ফিল্মটির বেশির ভাগ শুটিং হয়েছে বাগেরহাটে। সেখানে গিয়েই দীপু চরিত্রে চূড়ান্ত করা হয়েছিল আরহামকে। অভিনেতা হিসেবে ওটিটিতে এটি তার প্রথম কাজ।
সিনেমাটিতে আরও অভিনয় করেছেন মোস্তাফিজুর নুর ইমরান, শারমিন আক্তার শর্মী, হায়াতুজ্জামান খান, খালিদ হাসান রুমি, আরিবা, আনাস, শামসুল হাদি, আশরাফুল আলম, তামান্না ইসলাম প্রমুখ।
পরিচালক হিসেবে অভিনেত্রী আফসানা মিমির শুরুটা ২০০০ সালে। ধারাবাহিক নাটক ‘বন্ধন’ দিয়ে প্রথমবার পরিচালকের চেয়ারে বসেন তিনি। এরপর বানিয়েছেন ‘পৌষ ফাগুনের পালা’, ‘সাড়ে তিনতলা’, ‘ডলস হাউজ’সহ বেশকিছু নাটক; দর্শকদের কাছেও যেগুলো বেশ প্রশংসা কুড়িয়েছে।