কবে আসছে সুনেরাহ-নাঈমের ‘খুব কাছেরই কেউ’

সিনেপ্রেমীদের জন্য চলতি মাসটি হয়ে উঠতে যাচ্ছে ‘সেপ্টেমব্লাস্ট’। কারণ এ মাসের চার সপ্তাহের প্রতি ৭ দিনে একটি করে কনটেন্ট নিয়ে আসছে ওটিটি প্ল্যাটফর্ম চরকি। শুরুটা হয়েছে ‘ইনসাফ’ মুক্তির মধ্যদিয়ে। সঞ্জয় সমাদ্দার নির্মিত তাসনিয়া ফারিণ-শরিফুল রাজ অভিনীত এই সিনেমা মুক্তি পেয়েছে ‘চরকি এক্সক্লুসিভ’ হিসেবে।

এবার দ্বিতীয় সপ্তাহে মুক্তি পেতে যাচ্ছে চরকি ফ্ল্যাশ ফিকশন ‘খুব কাছেরই কেউ’। দর্শকদের জন্য প্রথমবার চরকি নিয়ে এল এই ঘরানার কনটেন্ট। 

এ বিষয়ে ব্যাখ্যা দিয়ে চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রেদওয়ান রনি বলেন, ‘ফ্ল্যাশ ফিকশন মূলত জীবনের কিছু মুহূর্তের নান্দনিক বা সিনেমাটিক বর্ণনা। এটাকে স্লাইস অব লাইফও (একখণ্ড জীবন) বলা যেতে পারে। এ ধরনের কনটেন্টে জীবনের ছোট-ছোট ঘটনা উঠে আসে হয়তো, কিন্তু এর প্রভাব অনেক ব্যাপক ও গভীর।’

রেদওয়ান রনি আরও বলেন, ‘ব্যাপ্তির দিক থেকেও ফ্ল্যাশ ফিকশন ছোট, কিন্তু দর্শকদের মনে এর রেশ রয়ে যাবে বা বড় হয়ে ধরা দেবে বলেই আমার বিশ্বাস। এটি স্পষ্ট করা দরকার যে, ফ্ল্যাশ ফিকশন চরকির অরিজিনাল কনটেন্ট না।’ 

প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই ও ওটিটি প্ল্যাটফর্ম চরকির যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে খুব কাছেরই কেউ। আলফা আইয়ের ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার শাকিল বলেন, ‌‘সব রকম কনটেন্টই আমরা করতে চাই। তারই অংশ হিসেবে মুক্তি পাচ্ছে খুব কাছেরই কেউ। দর্শকরা চাইলে আগামীতে এ ধরনের আরও কনটেন্ট করব আমরা।’ 

রাবা খানের গল্প, সংলাপ ও চিত্রনাট্যে ফ্ল্যাশ ফিকশনটি নির্মাণ করেছেন আরাফাত মোহসীন নিধি। এতে জুটি বেঁধেছেন এফ এস নাঈম ও সুনেরাহ বিনতে কামাল। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে সিনেমাটির ট্রেলার। আর আজ রাত ১২টা ১ মিনিটে (১১ সেপ্টেম্বর) কনটেন্টটি প্রকাশ পাবে চরকিতে।

রাবা খান। ছবি: চরকি

গল্পের ধারণা দিতে গিয়ে রাবা খান জানান, গল্পটি তরুণ-তরুণীর, যারা অ্যারেঞ্জ ম্যারেজের দিকে আগাচ্ছে। বিয়ের আগের ও বিয়ের দিনের কিছু ঘটনা দিয়ে সাজানো হয়েছে কাহিনি। একসময় তারা বুঝতে পারে কখনও কখনও সত্যিকারের সম্পর্ক খুঁজে পাওয়া যায়, তা যেভাবেই গড়ে উঠুক না কেন! 

রাবা খান বলেন, ‘আমার লেখার ইচ্ছে বেশ পুরনো বা ছোটবেলা থেকেই। আমি বিভিন্ন ক্রিটিকদের বিশ্লেষণ শুনতাম। তারা যখন গল্পকার, চিত্রনাট্যকার বা যিনি সংলাপ লিখেছেন, তাদের প্রশংসা করতেন, খুব ভালো লাগত। যখন দেখলাম আমার বানানো ভিডিও কনটেন্টের স্ক্রিপ্ট সবাই পছন্দ করছে, আমার লেখা বই অনেকে পছন্দ করছে, তখন লেখার ইচ্ছে আরও বেড়ে যায়। আমার বিশ্বাস এই গল্পটাও সবার ভালো লাগবে। কারণ গল্পটা আমাদের আশপাশের, হালকা মেজাজের, সুন্দর ও মিষ্টি। ফিকশনের জন্য প্রথমবার চিত্রনাট্য ও সংলাপ লিখলাম, আরও লেখার ইচ্ছে আছে।’ 
 
সিনেমাটির মাধ্যমে পরিচালনায় ফিরেছেন সময়ের আলোচিত সুরকার, গীতিকার, কণ্ঠশিল্পী ও সংগীত পরিচালক আরাফাত মহসিন নিধি। তিনি জানান, খুব কাছেরই কেউ তাঁর নির্মিত দ্বিতীয় ফিকশন, ২০১২ সালে তিনি নির্মাণ করেছিলেন প্রথমটি। এরপর বিজ্ঞাপন নির্মাণ করেছেন। তবে সংগীতেই দিয়েছেন সবচেয়ে বেশি সময়। 

এখন থেকে কাহিনিচিত্র নির্মাণেও সময় দিতে চান নিধি। তিনি বলেন, ‘রোমান্টিক ঘরানার কাজ দিয়েই শুরু করলাম। খুব কাছেরই কেউ দুজন অপরিচিত মানুষের পরিচিত হওয়ার গল্প। খুব আনন্দ নিয়ে ফিকশনটি সবাই মিলে উপভোগ করতে পারবেন।’

আরাফাত মহসিন নিধি। ছবি: চরকি

এতে ‘জেরিন’ চরিত্রে অভিনয় করেছেন সুনেরাহ। তিনি জানান, তাঁর চরিত্রটি চঞ্চল, স্পষ্টবাদী ও স্বাধীনচেতা। অনেকটা ব্যক্তি সুনেরাহর মতোই! অভিনেত্রী বলেন, ‘গল্পটি আমার খুব কাছের। এর গল্পকার ও নির্মাতা আমার দীর্ঘদিনের বন্ধু। তবে কাজটা কিন্তু বন্ধুত্বের খাতিরে করিনি। ভালো লেগেছে জন্যই কাজটি করেছি।’ 

অন্যদিকে, ‘রাকিন’ চরিত্রে অভিনয় করেছেন এফ এস নাঈম। তিনি বলেন, ‘গল্পটিতে তরুণ-তরুণীর সংলাপ, তাদের বোঝাপড়া দর্শকদের ভালো লাগবে। যে মুহূর্তগুলো দেখানো হয়েছে, তা আমরা সবাই কম-বেশি মুখোমুখি হয়। তবে যাঁর যাঁর মতো করে মুখোমুখি হই। আমরা যেটা দেখাতে চেষ্টা করেছি সেটা সবাই পছন্দ করবেন বলে আশা করি।’

রোমান্স ড্রামা ঘরানার এই সিনেমায় আরও অভিনয় করেছেন পায়েল, মাহেরা ইনায়া কামাল, ফাহাদ রিয়াজ খান, আলিফ খান, আসিকুজ্জামান অনিক।