আপন-পর চিনে ফেললেন তৌসিফ মাহবুব!

মানুষ যত ওপরে ওঠে, তত একা হয়ে যায়—প্রবাদটা হয়তো সত্যি বলেই মনে করেন অভিনেতা তৌসিফ মাহবুব। ভক্ত, শুভাকাঙ্ক্ষীর অভাব নেই তাঁর জীবনে, কিন্তু জনপ্রিয়তা আর পুরস্কারের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে কাছের মানুষ হারানোর অভিজ্ঞতাও পেয়েছেন তিনি।

বিশেষ করে কিছুদিন আগে একটি কাঙ্ক্ষিত পুরস্কার হাতে আসার পরই কে আপন আর কে পর, তা যেন স্পষ্ট বুঝে গেছেন তৌসিফ।

সম্প্রতি মাছরাঙা টেলিভিশনের পডকাস্ট শো ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’-এর ৪র্থ পর্বে অতিথি হয়ে এসে তৌসিফ এ প্রসঙ্গে বলেন, ‘অনেক সময় কিছু ঘটনা চোখ খুলে দেয়। আমার যেকোনো অর্জনে পরিবার, সত্যিকারের বন্ধু আর ভক্তরা খুশি হয়, মনে করে ওটা তাদেরও সাফল্য। কিন্তু তথাকথিত বন্ধু নামের কেউ কেউ তখন ঈর্ষান্বিত হয়ে পড়ে। যদিও আমি নিজেকে এত বড় মনে করি না যে, মানুষ আমাকে নিয়ে জেলাস (ঈর্ষান্বিত) হবে। তবুও এসব আমাকে আরও অনুপ্রাণিত করে, ভালো কাজ করার শক্তি দেয়।’

রুম্মান ও তৌসিফ। ছবি: মাছরাঙা টেলিভিশন

তৌসিফ এই আলাপে অনুপ্রেরণা হিসেবে বন্ধুর নামও বলেছেন। সেটা চিত্রনায়ক সিয়াম আহমেদ। তাঁর ভাষায়, ‘সিয়ামের একাগ্রতা আর নিষ্ঠা সত্যিই আমাকে মুগ্ধ করে। ও সফল হয়েছে পরিশ্রম আর সততার কারণে। বন্ধুকে নিয়ে আমি ভীষণ গর্বিত।’

এখানেই শেষ নয়। আলোচিত এই শোতে তৌসিফ খোলামেলা বলেছেন বিয়ের আগে তাঁর প্রেম ও সম্পর্ক ভাঙনের গল্পও। মজা করে বললেন—‘ছ্যাঁকা খেয়ে ব্যাকা হয়ে গিয়েছিলাম।’

রুম্মান রশীদ খানের গ্রন্থনা ও সঞ্চালনায় ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’-এর ৪র্থ পর্ব ২৩ আগস্ট শনিবার রাত ৯টায় প্রচার হবে মাছরাঙা টেলিভিশন ও রেডিও দিনরাত ৯৩.৬ এফএম-এ। শোটির প্রযোজনা করছেন জেড আই ফয়সাল।