‘শহরে নাগিন আজমেরী হক এসেছে’

জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন ছাত্র-জনতার গণ-আন্দোলনে সরব ছিলেন। রাজপথে নেমে এসেছিলেন, আবার শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও প্রকাশ করেছিলেন একাত্মতা। ২৪-এর গণ-অভ্যুত্থানের পরও তাঁকে দেখা গেছে প্রতিবাদী নারী রূপে। কিন্তু এ কারণেই সাইবার বুলিংয়েরও মুখে পড়তে হচ্ছে তাঁকে।

সম্প্রতি এক ফেসবুক পোস্টে বাঁধন লিখেছেন, ‘‘আমি জীবনের সবচেয়ে ভালো সময়গুলো কাটাচ্ছি (বিস্তারিত পরে বলব)। আমাকে গালি দেওয়ার শব্দভাণ্ডার আপগ্রেড হয়েছে—এখন নতুন শব্দ হলো ‘নাগিন’!’’

তিনি আরও যোগ করেন, ‘মানুষ আমাকে নানা নামে ডাকছেন। কিন্তু এই নামটা মনে হয় একদম নতুন। আর সত্যি বলতে নাগিন নামটি আমার খুব পছন্দ হয়েছে। সবাই রাস্তা খালি করেন, শহরে নাগিন আজমেরী হক এসেছে।’

তাঁর এই স্ট্যাটাসের কমেন্ট বক্সও ভরে উঠেছে মজাদার মন্তব্যে। নির্মাতা খিজির হায়াত খান লিখেছেন, ‘দেলোয়ার জাহান ঝন্টু (ঢালিউডের বর্ষিয়ান নির্মাতা, যিনি সাপের ছবি বানানোর জন্য বিখ্যাত) ভাই তার শেষ নাগিন ছবিতে তোমাকে কাস্ট করার কথা ভাবছেন। তাই শান্ত থাক এবং ছোবল দেবার জন্য প্রস্তুত থাকো।’

প্রখ্যাত নজরুল সংগীতশিল্পী নাশিদ কামাল মন্তব্য করেছেন, ‘উপভোগ করো, যখন তারা তোমাকে নিয়ে কথা বলা বন্ধ করে দেবে, সেটা বরং চিন্তার বিষয়। এর অর্থ হলো তুমি কারও কাছে কোন গুরুত্বপূর্ণ বিষয়ই নও।’